১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ২ বছর বয়সি শিশুর মৃত্যু, বাবা-দাদি গ্রেপ্তার

পরিবারের সদস্যরা মৃত্যুর কারণ গোপন করে মঙ্গলবার রাতে শিশুটিকে দাফন করে, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 08:09 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

চট্টগ্রামে দুই বছর বয়সী এক শিশু হত্যার মামলায় তার বাবা ও দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আশরাফ নামের শিশুটির মায়ের করা মামলায় বৃহস্পতিবার নগরীর বাকলিয়া বৌবাজার এলাকার ওসি মিয়া রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার দুইজন হলেন- মো. সজীব ও তার মা নুর নাহার বেগম। 

বাকলিয়া থানার ওসি মো. সোলায়মান বলেন, পারিবারিক কলহের জেরে গ্রেপ্তার সজীব মঙ্গলবার রাতে তার স্ত্রী শারমিন আক্তারকে মারধর করেন। এ সময় তাদের দুই বছর বয়সী ছেলে আশরাফ তার মার কোলে উঠতে চায়। স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সজীব ছেলেকে ধাক্কা দিলে খাটের সঙ্গে লেগে আশরাফ মাথায় আঘাত পায় এবং খিঁচু্নি ওঠে। 

পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওসি বলেন, মারধরে শিশুটির মা গুরুতর জখম হয়ে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যেই পরিবারের সদস্যরা মৃত্যুর কারণ গোপন করে মঙ্গলবার রাতেই আশরাফকে দাফন করে ফেলেন। 

এ ঘটনায় বৃহস্পতিবার শিশুটির মার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বাবা সজীব ও দাদি নুর নাহারকে গ্রেপ্তার করে।