ডেঙ্গু: চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি
অক্টোবরের প্রথম নয় দিনে গড়ে প্রতিদিন ৫০ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন।
চট্টগ্রাম জেলায় গত এক দিনে ৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের সর্বোচ্চ।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ৬৫ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকি ২৯ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে ৪৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ৩১৭ জন নগরীর; বাকি ১৩৯ জন উপজেলাগুলোর বাসিন্দা।
এর আগে সেপ্টেম্বর মাসে জেলায় ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, যা মাসিক হিসাবে এ বছরের সর্বোচ্চ। দৈনিক শনাক্তের সংখ্যা ছিল গড়ে ৩০ জনের মত। আর অক্টোবরের প্রথম নয় দিনে গড়ে প্রতিদিন ৫০ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন।
চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট ১৯৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ১২১৮ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে সেপ্টেম্বর মাসের ডেঙ্গু আক্রান্তের সংখ্যার বিবেচনায় নগরীর সাতটি এলাকাকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।
লাল জোন হিসেবে চিহ্নিত সেই সাত এলাকা হল- কোতোয়ালি, বাকলিয়া, বায়েজীদ, বন্দর, পাহাড়তলি, খুলশী ও চকবাজার।
চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬ জনের। তাদের মধ্যে ১০ জন নারী, চারজন পুরুষ এবং বাকি দুজন শিশু। চলতি অক্টোবর মাসে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
