প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি কমিয়ে বন্যা দুর্গতদের সহায়তা বাড়াল চট্টগ্রাম বিএনপি
বিএনপি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩১ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনের কর্মসূচি ঘোষণা করেছিল চট্টগ্রাম বিএনপি।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সংকুচিত করে সেই খরচের অর্থ বন্যা দুর্গতদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম নগর বিএনপি।
বৃহস্পতিবার ফেনীতে এক ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
তিনি বলেন, “আকস্মিক বন্যায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আছে। মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন তারা। এরই মধ্যে বন্যায় প্রায় ৩৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
“এই অবস্থায় জনগণের দল হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যাকবলিত ফেনী এলাকায় তিন হাজার মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছি।”
এরশাদ উল্লাহ বলেন, “বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর চার দিনের কর্মসূচি কমিয়ে শুধু রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের কর্মসূচি রেখেছি। সেই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর বাতিল করা কর্মসূচির বাজেটের টাকা বন্যাদুর্গতদের দেওয়া হবে।”
এর আগে মঙ্গলবার নগর বিএনপি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩১ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনের কর্মসূচি ঘোষণা করেছিল। এরমধ্যে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালিসহ নানা কর্মসূচি ছিল।
তবে বৃহস্পতিবারের ঘোষণায় শুধু দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ছাড়া বাকি কর্মসূচি বাতিল করা হল।
বৃহস্পতিবার বিকালে ফেনী সদর এলাকায় বন্যাদুর্গত বানভাসি মানুষের জন্য চট্টগ্রাম নগর বিএনপির ত্রাণ কমিটির পক্ষ থেকে নিয়ে যাওয়া তিন হাজার মানুষের খাদ্য সামগ্রী ফেনী জেলার ত্রাণ কমিটির সমন্বয়কারী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর হাতে হস্তান্তর করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও ত্রাণ কমিটির আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, ত্রাণ কমিটির সদস্য হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, খোরশেদ আলম এ সময় উপস্থিত ছিলেন।
‘চিকিৎসা সবচেয়ে বেশি প্রয়োজন’
বন্যায় অনেক কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় ওষুধ ও স্বাস্থ্যসেবা বঞ্চিত বন্যার্তদের পর্যাপ্ত চিকিৎসা সেবা এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বৃহস্পতিবার ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আড্ডাবাড়ি এবং ৩ নম্বর ওয়ার্ডের কামাল হাজারী সড়ক এলাকায় বন্যাদুর্গত বানভাসি মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
শামীম বলেন, "চট্টগ্রাম ফেনীসহ দেশের পূর্বাঞ্চল বন্যায় প্লাবিত। ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও এখনো লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে।
"বন্যাকবলিত এলাকার মানুষ সহায় সম্বল হারিয়ে এখন নিদারুণ কষ্টে আছে। তারা মানবেতর জীবন যাপন করছে। এখন দেখা দিচ্ছে রোগব্যাধি। ডায়রিয়া, চর্মরোগসহ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে বন্যার্ত এলাকার মানুষ।"
মাহবু্বের রহমান শামীম বলেন, "চারদিক এখনো পানিতে তলিয়ে থাকায় বন্ধ আছে অনেক কমিউনিটি ক্লিনিক। পর্যাপ্ত ওষুধপত্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
"তাই এই মুহূর্তে বন্যার্তদের বেশী প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসাসেবা। বিএনপির পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তাও করে যাচ্ছি। বন্যার্তদের যতদিন পর্যন্ত প্রয়োজন আমরা সাহায্য করে যাব।"
তিনি বলেন, "বন্যায় দেশের মানুষের জানমাল ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে বিএনপিসহ সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমানের নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত নয়দিন ধরে বিভিন্ন টিম করে সাহায্য সহযোগিতা করছে।"
তিনি সমাজের বিত্তশালী ও বিএনপি নেতাকর্মীদের বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহবান জানান।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌরসভার আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূইয়া এ সময় উপস্থিত ছিলেন।
