১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের সীমানা দেয়ালে গাড়ির ধাক্কা, তরুণী নিহত

প্রাইভেট কারে থাকা এক তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 09:01 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেয়ালে ধাক্কা দেওয়া একটি প্রাইভেট কারের আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত সামিয়া জাহান তানিশা (২২) চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরীর রাহাত্তারপুল এলাকার শাহ আমানত হাউজিং সোসাইটির বাসিন্দা আবু তালেবের মেয়ে।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বারিক বিল্ডিং মোড়ের কাছে এ দুর্ঘটনার তথ্য দিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাতে বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, লালখানবাজারমুখী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বারিক বিল্ডিং মোড়ের কাছে এক্সপ্রেসওয়ের সীমানা দেয়ালে ধাক্কা মারে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।  

থানা পুলিশ জানায়, ঘটনার সময় গাড়িতে সামিন ও মিনহাজ নামে তানিশার আরও দুই বন্ধু ছিলেন। তারা মারাত্মক আহত তানিশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাইভেট কারে থাকা এক তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার কথা বলেছেন ওসি।