Published : 20 Jul 2026, 07:08 PM
বছর চারেক আগে চট্টগ্রামে ৯ হাজার ৬৩৫টি ইয়াবা উদ্ধারের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এ আদেশ দিয়েছেন।
ওই দুজন হলেন- চট্টগ্রামের বাঁশখালী থানার পশ্চিম কোকদণ্ডী এলাকার জাফর আহমদের ছেলে ৩৩ বছরের মো. আরিফ। আরেকজন ২৭ বছর বয়সি মো. মারুফ একই থানার ইলশা গ্রামের মো. আফসারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণ হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
“দুই আসামিই পলাতক। রায়ের পর সাজা পরোয়ানা মূলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”
মামলার নথি বলছে, ২০২২ সালের ১৯ অগাস্ট রাতে পতেঙ্গা থানার মুসলিমাবাদ মোড়ের কাছাকাছি আউটার রিং রোডে অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব। সেখানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৬৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুজনকে আটক করা হয়।
ওই ঘটনায় র্যাব-৭ এর সেসময়ের ডিএডি, পুলিশ পরিদর্শক মো. জহিরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।
২০২৩ সালের ১৫ জুন মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। চলতি বছরের ২৯ জুন যুক্তিতর্ক শুনানি শেষে মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। ছয়জনের সাক্ষ্য শেষে সোমবার এই রায় এল।