Published : 20 May 2026, 01:10 AM
চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে আনোয়ারা উপকূলের কাছে একটি বিদেশি জাহাজে এক নাবিকের ছুরিকাঘাতে আরেকজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার পর থাইল্যান্ডের পতাকাবাহী এমটি কেপিপি-০১ নামের জাহাজে এ ঘটনার তথ্য দেন জাহাজটির শিপিং এজেন্ট কোম্পানির এক কর্মকর্তা।
জাহাজটি চট্টগ্রামে আনা হয়েছে স্ত্র্যাপ করার জন্য। এটি ভাঙার জন্য আনোয়ারা থেকে সীতাকুণ্ড উপকূলে নিয়ে যাওয়া হবে।
নিহত ৩০ বছর বয়সি নাবিক রাপহিফং কালাহান থাইল্যান্ডের নাগরিক। এ ঘটনায় জাহাজের আরেক নাবিক থাইল্যান্ডের নাগরিক তুরাকর্ণ বুরুসিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট শ্যাম শিপিং এজেন্সির হেড অব অপারেশন ইমরানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্দরের বর্হিনোঙরে চার্লি অ্যাঙ্করেজে জাহাজটি অবস্থান করছিল। সন্ধ্যার পর জাহাজের দুই নাবিকের মধ্যে মারামারি হয়। এতে একজন ছুরিকাঘাতে মারা গেছেন।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় রাতে থাইল্যান্ডের ওই নাগরিককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ চমেক হাসপাতালের লাশ ঘরে আছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “আমরা শুনেছি, খবর নিচ্ছি। এখনো বিস্তারিত তথ্য পাইনি। পরে জানাতে পারব।”