Published : 13 Mar 2026, 09:32 PM
চট্টগ্রামে সারাদিন আকাশ ছিল মেঘলা, শেষ বিকালে ঝরল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আর তাতেই বড় বাড়ল ডেঙ্গুর ভয়।
চলতি বছরের প্রথম দুই মাসে জেলায় ৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন।
সে কারণে শুক্রবার সন্ধ্যার এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং কালবৈশাখী পরিস্থিতির মধ্যে কয়েকদিন পর পর কয়েকদিন বৃষ্টির যে সম্ভাবনার কথা আবহাওয়া অফিস বলছে, তাতে ডেঙ্গুর বাহক এইডিস মশার প্রাদুর্ভাব বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য বিভাগের।
এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে শনিবার থেকে জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
এর আগে গত সপ্তাহে নগরীর ৪১টি ওয়ার্ডে মশা নিধনে ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে সিটি করপোরেশন।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মাসের শেষ দিকে কালবৈশাখীর মৌসুম শুরু হবে। ইতোমধ্যে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হতে শুরু করেছে।
“চট্টগ্রামের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে। আকাশে মেঘ আছে। আজ রাতেও নগরীতে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী কয়েকদিন আবহাওয়া এরকম থাকবে। একদিন বৃষ্টি হলে পরের কয়েকদিন রোদ থাকবে।”
শুক্রবার সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছিল। কখনো কখনো মেঘে ঢেকে যাচ্ছিল আকাশ। শেষ বিকালে ও সন্ধ্যায় কয়েক মিনিট গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।
তবে বৃষ্টিপাত এতটাই কম ছিল যে তার পরিমাণ নগরীর আবহাওয়া কেন্দ্রে নথিবদ্ধ হয়নি। আর পতেঙ্গা এলাকায় বৃষ্টি হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারি বৃষ্টি হলে এইডিস মশার বংশবৃদ্ধি ব্যাহত হয়। কিন্তু হালকা বৃষ্টি হলে এবং এরপর আবার কয়েকদিন তাপমাত্রা বাড়তে থাকলে সেটা এইডিস মশার জন্য অনুকূল। তাই আমাদের আগাম প্রস্তুতি নিতে হচ্ছে।”
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জাতীয়ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে তুলে ধরে তিনি বলেন, সে অনুসারে জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন সম্মিলিতভাবে নগরীতে এবং গ্রামাঞ্চলে শনিবার ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে র্যালি করা হবে একযোগে।”
ডা. জাহাঙ্গীর আলম বলেন, “ডেঙ্গু যাতে মহামারী আকার ধারণ করতে না পারে সে লক্ষ্যে সবার বাড়ির ছাদ বাগান, আঙিনা, টব এবং বাড়ির আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে।
“সবাই মিলে একযোগে শনিবার থেকে এই কার্যক্রম শুরু করা হবে। সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্স, মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালেও এই কার্যক্রম পরিচালিত হবে।”
চলতি মার্চ মাসে জেলায় এখন পর্যন্ত ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়ে সিভিল সার্জন বলেন, “এ বছরের প্রথম দুই মাসে মোট ৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ফেব্রুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।”
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত জানুয়ারিতে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৮ জন এবং ফেব্রুয়ারিতে ২৪ জন।
২০২৫ সালে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল মোট ৪ হাজার ৮৬৪ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ২৭ জন।
শনিবার সকালে নগরীর নন্দনকানন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।