১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শাহ আমানতে ১,৮০২ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আইফোন জব্দ করা হয়েছে ১৩টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 05:23 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর-সিআইআইডি।

সোমবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে বিদেশি সিগারেটের পাশাপাশি ১৩টি আইফোন জব্দ করা হয়েছে। এসব পণ্যের প্রযোজ্য শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

এদিন সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে ফ্লাইটটি শাহ আমানতে পৌঁছানোর পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রী ও ব্যাগেজের ওপর বিশেষ নজরদারি শুরু করা হয়। অভিযানে যাত্রী মইনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন, মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টন, অর্থাৎ মোট ২৬৪ কার্টন সিগারেট এবং ৪টি আইফোন জব্দ করা হয়।

একই ফ্লাইটের যাত্রী আব্দুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টন, অর্থাৎ মোট ২৪৬ কার্টন সিগারেট এবং ৪টি আইফোন জব্দ করা হয়।

আরেক যাত্রী নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন, ইজি ব্র্যান্ডের ৭ কার্টন, অর্থাৎ মোট ২৭২ কার্টন সিগারেট এবং ৫টি আইফোন জব্দ করা হয়।

একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়।