চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন
ধর্ষণের শিকার নয় বছরের ছেলেটি ওই মাদ্রাসার হিফজ শাখার ছাত্র ছিল।
চট্টগ্রামের লোহাগাড়ায় তিন বছর আগে এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী বুধবার এ রায় দেন।
দণ্ডিত মো. রিয়াদ উদ্দিন (২৩) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান গ্রামের আহমদ কবিরের ছেলে। লোহাগাড়া সদর ইউনিয়নের একটি মাদ্রাসার তিনি শিক্ষকতা করতেন।
ট্রাইব্যুনালের পিপি মাহমুদুল আলম চৌধুরী মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মাদ্রাসা শিক্ষক রিয়াদ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের সাজা দিয়েছে আদালত।
দণ্ডিত রিয়াদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ধর্ষণের শিকার নয় বছরের ছেলেটি ওই মাদ্রাসার হিফজ শাখার ছাত্র ছিল। আবাসিক শিক্ষার্থী হিসেবে মাদ্রাসাতেই সে থাকত।
২০২২ সালের ২৩ সেপ্টেম্বর তার মা মাদ্রাসায় তাকে দেখতে যান। তখন শিশুটি জানায়, আগের রাতে শিক্ষক রিয়াদ উদ্দিন তাকে ধর্ষণ করেছে।
ওই ঘটনা জানাজানি হলে স্থানীয়রা মাদ্রাসা ঘেরাও করে রিয়াদ উদ্দিনকে আটকে রাখে। পরে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে।
এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৩০ নভেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ।
২০২৩ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করা হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার শিক্ষক রিয়াদ উদ্দিনকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।
