Published : 21 Feb 2026, 11:43 PM
দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে ১৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হোসেন জাহেদ হাবীবের ব্যাগে এসব পণ্য পায় বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর এনএসআই।
শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১৫টি মোবাইল ফোন (পাঁচটি আইফোন ও ১০টি গুগল পিক্সেল ফোন) জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের বাজারমূল্য ১০ লাখ টাকা বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। জব্দ করা পণ্যসমূহ চট্টগ্রাম কাস্টমসের হেফাজতে দেওয়া হয়েছে।