চট্টগ্রামের ষোল আসনে ১৪৩ মনোনয়নপত্র জমা
বিভিন্ন দলের এবং স্বতন্ত্র মিলিয়ে মোট ২৩১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী হতে চট্টগ্রাম জেলার ১৬টি আসনে ১৪৩টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
মনোনয়নপত্র জমার সময় শেষে সোমবার তিন রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে এ তথ্য মিলেছে।
এসব আসনে ২৩১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে জমা দিয়েছেন ১৪৩ জন।
চট্টগ্রাম-১ (মিরসরাই উপজেলা) আসনে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১০ জন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৪ জন, জমা দিয়েছেন নয়জন। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন পাঁচজন।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরী ১১ ও ১২ নম্বর ওয়ার্ড) আসনে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১০ জন। চট্টগ্রাম-৫ (হাটাহাজারি উপজেলা ও নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসনে ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১০ জন।
চট্টগ্রাম-৬ (রাউজান উপজেলা) এ আসনে নয়জন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন পাঁচজন। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া উপজেলা) আসনে ১১ জন মনোনয়পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন নয়জন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা ও নগরীর চান্দগাঁও এবং পাঁচলাইশ, বায়েজিদ আংশিক) আসনে ১১ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দেন নয়জন।
সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয় চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া) ও চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা) আসনে, ২৩ জন করে। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন করে।
চট্টগ্রাম-১০ আসনে ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১১ জন।
চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) আসনে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ১১ জন। চট্টগ্রাম-১৩ (আনেয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনে নয়জন মনোনয়নপত্র জমা দিলেও নিয়েছিলেন ১৫ জন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন নয়জন। চট্টগ্রাম-১৬ আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন নয়জন।
সবচেয়ে কম সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা পড়েছে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে। আসনটিতে আটজন মনোনয়ন ফরম নিয়ে জমা দেন তিনজন।
চট্টগ্রাম-৪, ৫ এবং ৮, ৯ ও ১০ আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং বাকি ১০টি আসনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর। বাছাই, আপিল, নিষ্পত্তি শেষে প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও পরদিন থেকে প্রচারণার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ পর্যন্ত প্রচার চালানো যাবে।
