২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঈদ জামাত: জমিয়তুল ফালাহ মসজিদে বড় জমায়েত হবে, বললেন মেয়র শাহাদাত

প্রধান জামাতে ৩০ থেকে ৫০টি ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 03:24 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রধান ঈদের জামাতে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ২৫ হাজার মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। 

বুধবার দুপুরে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এই তথ্য জানিয়েছেন তিনি।

চট্টগ্রামে প্রধান ঈদের জামাত চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, গত কয়েকদিন ধরে সেখানে জামাতের প্রস্তুতি চলছে।

জামাতের প্রস্তুতি তুলে ধরে মেয়র শাহাদাত হোসেন বলেন, “আমাদের গত সাতদিন ধরে প্রস্তুতি চলছে। এখানে প্রায় ৬৫ হাজার বর্গফুটের প্যান্ডেল করা হয়েছে। নিচে কার্পেটিং করা হবে। উপরে ত্রিপল দেওয়া আছে যাতে বৃষ্টি হলেও মুসল্লিদের কোন বিঘ্ন না হয়।”

নিরাপত্তা বিবেচনায় সেখানে ৩০ থেকে ৫০টি ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন মেয়র শাহাদাত। 

তিনি বলেন, “প্রতি বছর ২০-২৫ হাজার মুসল্লি অংশগ্রহণ করে। এবার হয়ত আরও বেশি সমাগম হতে পারে।”

ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে বলে মেয়র জানিয়েছেন। 

সকাল ৮টায় প্রধান ঈদের জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। সকাল ৮টা ৪৫ মিনিটে দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আল কাদেরী। 

ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন জানিয়ে সিটি মেয়র বলেন, “মুসল্লিদের নির্বিঘ্ন প্রবেশ ও বের হওয়ার জন্য তিনটি গেইট খোলা রাখা হবে, পাশাপাশি পেছনের গেইটটিও ব্যবহারের উপযোগী করা হচ্ছে, যাতে কোনো ধরনের ভিড় বা হুড়োহুড়ি না হয়।“

এদিকে ঈদের দিন নগরীর লালদীঘির পাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। 

এছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।