১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পুকুরে ডুবে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু

সন্ধ্যায় খেলা শেষে গোসল করতে বন্ধুদের সঙ্গে পুকুরে নেমেছিলেন অর্ণব, কিন্তু তিনি সাঁতার জানতেন না।

পুকুরে ডুবে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু
অর্ণব সাহা

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 02:41 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি ছাত্রাবাস সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ২২ বছর বয়সি অর্ণব সাহা চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফেনী জেলায়। 

যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোয়াজ্জেম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় খেলা শেষে রাত ৮টার কিছু আগে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিলেন অর্ণব। 

“কিন্তু ও সাঁতার জানত না। এক পর্যায়ে পানিতে তলিয়ে গেলে বন্ধুরা খোঁজাখুঁজি করে ওকে পুকুর থেকে তুলে আনে। শুরুতে চুয়েট স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। তারপর কুয়াইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

রাতেই পরিবারের সদস্যদের কাছে অর্ণবের মরদেহ হস্তান্তর করা হয় বলে অধ্যাপক মোয়াজ্জেম হোসাইন জানান। 

এদিকে অর্ণব সাহার মৃত্যুতে বুধবার চুয়েটে শোক পালন করা হচ্ছে। সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিকেলে চুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে শোক সভা হবে। 

চুয়েট উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম এক শোকবাণীতে বলেন, “মেধাবী ছাত্র অর্ণব সাহার পুকুরে ডুবে অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। কয়েক মাস পরেই যার প্রকৌশলী হওয়ার কথা, সে আজ আমাদের সকলকে কাঁদিয়ে পরপারে চলে গেল।

“আমি চুয়েট পরিবারের পক্ষ থেকে অর্ণব সাহার আত্মার শান্তি কামনা করছি। একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, সৃষ্টিকর্তা যেন সকলকে এই শোকের ভার সহ্য করার ক্ষমতা দেন।” 

শিক্ষার্থীরা জানান, কবি কাজী নজরুল ইসলাম হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের মর্ধবর্তী ওই পুকুর মূলত শিক্ষার্থীরাই ব্যবহার করেন। অর্ণব কবি কাজী নজরুল ইসলাম হলে থাকতেন।

অধ্যাপক মোয়াজ্জেম হোসাইন বলেন, বিকেলে শোক সভা শেষে পুকুর ব্যবহারের বিষয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।