১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রবীন্দ্র ও নজরুল সংগীত নিয়ে চট্টগ্রামে ২ দিনের কর্মশালা শুরু

"রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলাম বাঙালি চেতনা, সংস্কৃতি ও জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ,” বলেন মফিদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 07:15 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী 'ওয়াহিদুল হক সঙ্গীত প্রব্রজ্যা' কর্মশালা।

শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।

শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে কর্মশালা উদ্বোধন  হয়। কর্মশালায় রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালা উদ্বোধন করে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ড. মফিদুল হক বলেন,  "রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলাম বাঙালি চেতনা, সংস্কৃতি এবং জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। তাদের স্বদেশ ভাবনা, অসাম্প্রদায়িকতা ও মানবিকতার পথ ধরেই সমাজ বিনির্মাণ করতে হবে।"

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম, চট্টগ্রাম শাখার সহসভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, সহসভাপতি রীতা দত্ত, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আবু ফারহা পলাশ, মহুয়া মঞ্জরী সুনন্দা ও শারমিন সাথী ইসলাম এবং নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ। 

পরে ইনস্টিটিউটের দুটি মিলনায়তনে সাধারণ বিভাগ ও কিশোর বিভাগের কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বুলবুল ইসলাম ও মহুয়া মঞ্জরী সুনন্দা।

শনিবার সকালে দ্বিতীয় দিনের কর্মশালা শুরু হবে। এতে শতাধিক শিল্পী ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন।