চট্টগ্রামে পথচারীদের ওপর উঠে গেল বাস, দুই নারী নিহত
এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে।
চট্টগ্রাম নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী বাস রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা পথচারী ও সিএনজি অটোরিক্সা যাত্রীদের চাপা দিলে ২ নারী নিহত ও আরো ৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে আনোয়ারা থানার কর্ণফুলীর টানেলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০) এর বাড়ি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন টানেল মোড়ে পথচারীরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন গাড়ির অপেক্ষায়। সেখানে কয়েকটি সিএনজি অটোরিক্সাও ছিল। এ সময় দ্রুতগামী বাসটি তাদের চাপা দেয়। এতে দুই নারী পথচারী ও অপেক্ষমান অটোরিকশার ৩ যাত্রী আহত হন।
“দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ বাসটি আটক করলেও চালক এবং সহকারী পালিয়ে গেছে। তাদের আটকে পুলিশ কাজ করছে বলে তথ্য দিয়েছেন ওসি।
