১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ডেঙ্গুতে আরেক নারীর মৃত্যু

চলতি বছর জেলায় মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 09:59 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু হয়েছে; চলতি বছর জেলায় মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

জেলা সিভিল সার্জন কার্যালয় রোববারের নিয়মিত প্রতিবেদনে জানিয়েছে, শামসুন নাহার বেগম নামের ৫০ বছর বয়সি ওই নারী মারা যান গত শুক্রবার। 

তার বাসা নগরীর আগ্রাবাদ আবাসিক এলাকায়। নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় বলছে, ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ ও ‘হাইপোভোলেমিক শক’-এর কারণে হৃদ্‌যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে শামসুন নাহারের মৃত্যু হয়।

শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ডেঙ্গু আক্রান্ত অর্পিতা দাশের মৃত্যুর তথ্যও রোববারের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্পিতা অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার গর্ভের সন্তানও মারা গেছে। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে। 

আর এ বছর যে ১২ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে সাতজন নারী, তিনজন পুরুষ ও দুটি শিশু।

রোববারের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে চট্টগ্রাম জেলায় নতুন করে ৮৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর আগে অগাস্টে শনাক্ত হয়েছিল ১ হাজার ২০২ জন।

চলতি বছর এ পর্যন্ত জেলায় ২ হাজার ৮৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।