Published : 18 May 2025, 12:15 AM
চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বেসরকারি খাতে না দিতে সংবাদপত্রে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দেওয়ার পর বন্দরের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলেও কয়েকদিনের মধ্যে সেই আদেশ প্রত্যাহার করা হয়।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। কিন্তু কয়েকদিন পর তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্তের শাস্তি প্রত্যাহার করেছে সংশ্লিষ্ট বিভাগ।”
তিন থেকে চার দিন পর বরখাস্তের আদেশ প্রত্যাহারের কথা জানালেও বন্দর সচিব সঠিক তারিখটি বলতে পারেননি।
চট্টগ্রাম বন্দরের যান্ত্রিক বিভাগের জোনাল ওয়ার্কশপের সিনিয়র অপারেটর মো. ইয়াছিন ২৮ এপ্রিল স্থানীয় পত্রিকা পূর্বকোণের সপ্তম পৃষ্ঠায় বন্দরের এনসিটি বেসরকারি মালিকানায় না দিতে বিজ্ঞাপন আকারে একটি খোলা চিঠি ছাপান।
সে দিনের পূর্বকোণের অনলাইন সংস্করণে গিয়ে দেখা যায়, ইয়াছিন ‘চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ’ এর সাধারণ সম্পাদক হিসেবে এ খোলা চিঠি লিখেছিলেন।
এর পরিপ্রেক্ষিতে ২৯ এপ্রিল বন্দরের যান্ত্রিক বিভাগের প্রধান প্রকৌশলী স্বাক্ষরিত এক আদেশে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
সেই আদেশে বলা হয়, বন্দরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়ে ব্যক্তিগতভাবে এনসিটি বেসরকারি মালিকানায় না দেওয়ার জন্য উদ্যাগ গ্রহণ করেছেন। এতে বন্দরের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়।
এতে বলা হয়েছে, ইয়াসিনের এই কার্যক্রম কর্মচারী শৃঙ্খলা ও আচরণ প্রবিধানমালা/৯১ এর ৩৮ (৬) ও ৩৯ (খ) অনুযায়ী সুষ্পষ্ট অসদাচরণ এবং ৪০ (খ) অনুযায়ী গুরুদণ্ডে শাস্তিযোগ্য অপরাধ।
চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দরে উন্নীত করতে অন্তর্বর্তী সরকার বিশ্বের খ্যাতিসম্পন্ন বন্দর ব্যবস্থাপনা সংস্থাগুলোকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
বুধবার নিউমুরিং টার্মিনালে পরিদর্শনের গিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে তার আশার কথা বলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তবে তার আগে থেকেই বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া আলোচনা চলছে।