১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চবির দেয়ালে দেয়ালে ফের ছাত্রলীগের পোস্টার

“নিরাপত্তাকর্মীদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা কমানো যায়।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 11:55 AM

Updated : 11 Sep 2026, 02:27 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে ফের পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ, বিবিএ অনুষদ, কাটা পাহাড়রোডসহ বেশ কয়েকটি দেয়ালে এসব পোস্টার সাঁটানো হয়।

শেখ হাসিনার ৪৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রকাশিত এসব পোস্টারে আওয়ামী লীগ সভাপতির আরেক প্রত্যাবর্তনের ডাক দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নামে সাঁটানো এসব পোস্টারে লেখা রয়েছে—‘গ্রাম নগর- মাঠ পাথার বন্দরে তৈরি হও, ঘরে ঘরে ডাক পাঠাও, তৈরী হও’।

বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেইসবুক পাতায় পোস্টারিংয়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, “বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পোস্টারিং কার্যক্রম”।

এর আগে ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে এবং ১১ মে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছাত্রলীগের পোস্টার দেখা যায়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, এ ধরনের ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে। 

“আমাদের যে পরিমাণ নিরাপত্তাকর্মী রয়েছে, তা দিয়ে পুরো ক্যাম্পাস শতভাগ নজরদারিতে রাখা কঠিন। একেকজন নিরাপত্তাকর্মী একেক স্থানে দায়িত্বে থাকেন। এ সুযোগে কেউ ফাঁকফোকর দিয়ে পোস্টার লাগিয়ে ছবি তুলে চলে যাচ্ছে। তবে নিরাপত্তাকর্মীদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা কমানো যায়।”

তিনি বলেন, “গত এক সপ্তাহে প্রায় তিনবার পোস্টারিংয়ের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরাগুলো নিয়েও আমরা কাজ করছি। কিছু ক্যামেরা নষ্ট হয়ে গেছে বা কেটে দেওয়া হয়েছে। 

“বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটছে। দ্রুত নতুন করে সিসিটিভি স্থাপন ও মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তখন নজরদারি আরও সহজ হবে।”

এ বিষয়ে রোববার অনুষ্ঠেয় প্রক্টরিয়াল বডির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।