১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফয়’স লেক বেইস ক্যাম্পে শিশু-কিশোরদের দক্ষতা বিষয়ক কর্মশালা

কোথাও বেড়াতে গিয়ে হারিয়ে গেলে নিরাপত্তা নিশ্চিতের উপায় তুলে ধরা হয় এতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 06:37 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

চট্টগ্রামে বিনোদনকেন্দ্র ফয়’স লেকের বেইস ক্যাম্পে হয়ে গেল শিশু-কিশোরদের দক্ষতা বিষয়ক এক কর্মশালা।

শনিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কয়েক পর্বে এ কর্মশালা হয় বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড।

পাহাড়ি অঞ্চলে কীভাবে নিজেরাই তাঁবু ও হ্যামক তৈরি করে ক্যাম্প করতে হয় তা শুরুতেই শেখানো হয়। কোনো অপরিচিত স্থানে কীভাবে কম্পাস ব্যবহার করে সঠিক দিক বের করতে হয়, সেই স্মার্ট নেভিগেশন বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও ক্ষুদ্র পরিসরে রান্না করা, কোথাও বেড়াতে গিয়ে হারিয়ে গেলে কীভাবে আশপাশ থেকে সহযোগিতা নিয়ে কিংবা ৯৯৯-এর সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করা যায় তার উপায়ও তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, নগরজীবনে সুস্থ স্বাভাবিক নিরাপদে চলাচলের জন্য ট্রাফিক নিয়মাবলী এবং প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত প্রত্যেকটি চিকিৎসা সরঞ্জামের সাথে পরিচয় ও ব্যবহার বিধি শিশুকিশোরদের শেখানো হয়। 

পাহাড়ে চলাচলের ক্ষেত্রে বাধা পেরোনোর কর্মকাণ্ড যেমন দড়ির সাহায্যে শরীরের ভর ব্যবহার করে উপরের দিকে উঠা-নামা ও উদ্ধার কাজ বিষয়েও প্রশিক্ষণ পর্ব ছিল কর্মশালায়।

বর্জ্য নিষ্কাশনের পদ্ধতি, প্লাস্টিক বর্জ্য, জৈব সার পরিণত হতে পারে এমন বর্জ্য, দুর্ঘটনাজনক ও মেডিকেল দ্রবাদি এবং তরল পদার্থ নিষ্কাশন, প্লাস্টিক ও ঘরের পুরাতন জিনিস ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার উপযোগী গড়ে তোলার কার্য পদ্ধতি বিষয়ে আলোচনা হয় কর্মশালায়। 

এছাড়াও অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা ও অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার সচেতনমূলক ধারণা প্রদান করা হয়। পরিশেষে পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে গাছের চারা রোপন পরিচর্যা কার্যক্রম শেখানো হয়। 

এই কর্মশলায় শিশু কিশোরদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের দায়িত্বে ছিলেন ইশরাত জাহান তানহা, মো. জুবায়েদ ও মো. তোফায়েল আহমেদ। 

কর্মশালায় শিশু কিশোর ও তাদের অভিভাবক মিলিয়ে মোট ৫০ জন অংশগ্রহণ করেন।