জয় পরাজয় যাই হোক ফল ‘মেনে নিব’: চাকসুতে শিবিরের জিএস প্রার্থী
“সবাইকে একসাথে মিলে স্বপ্নের প্রত্যাশিত ক্যাম্পাস গড়ে তুলতে একসাথে কাজ করব ইনশাল্লাহ।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয় পরাজয় যাই হোক সেই ফল ‘মেনে নিয়ে’ সবাই মিলে প্রত্যাশিত ক্যাম্পাস গড়ে তোলার কাজ করবেন বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতি শিক্ষার্থী জোটের’ জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব।
বুধবার সকাল সাড়ে ১০টায় প্রকৌশল অনুষদের আইটি ভবনে ভোটদান শেষে তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় ৩৬ বছর পর তাদের যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন সে নির্বাচন পেতে যাচ্ছে। আজকে যদি সফলভাবে এই নির্বাচন হয়, তাহলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্লাটফর্ম চাকসু তা সচল হবে।
“এই চাকসু সচল হওয়ার পর ১২মাসে ৩৩টি কাজ করার ইশতেহার আমরা দিয়েছি। যেখানে ৯টি বিষয়কে আমরা ফোকাসে রেখেছি। আমরা যদি নির্বাচিত হই তাহলে নিজেদের সর্বোচ্চ আন্তরিকতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে সেই ৩৩টি কাজ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র বাংলাদেশে না আন্তর্জাতিকভাবে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।”
ভোটের বিষয়ে জানতে চাইলে সাঈদ বিন হাবিব বলেন, “এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। জয় পরাজয় যাই হোক সেই ফলাফল আমরা মেনে নিব।
“যারাই জয়ী হোক আর যারাই পরাজিত হবে সবাইকে একসাথে মিলে স্বপ্নের প্রত্যাশিত ক্যাম্পাস গড়ে তুলতে একসাথে কাজ করব ইনশাল্লাহ।”
কেবল শিক্ষায় নয়, গবেষণাসহ অন্যান্য সব কাজের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই 'প্রচেষ্টার দিকে যাবেন' বলে জানিয়েছেন সাঈদ।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “ভোটের পরিবেশ এখন পর্যন্ত খুব ভালো। নারীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস আমরা তৈরি করতে চাই। যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সমান অধিকার ও সমানভাবে চলাচলের পরিবেশ সৃষ্টি হয় সে চেষ্টা করব।
“৩৬ বছর পর এই নির্বাচনে সবার যে আবেগ তা আমাদের খুব আশাবাদী করেছে। চাকসু হলে সমস্যাগুলো সমাধান হবে বলে তারা আশা করছে।”
কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ আর হোস্টেল সংসদের নির্বাচনে ৩০ মিনিট দেরিতে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকার ৪টা পর্যন্ত।
পাঁচটি ভবনের ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবারের চাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে ১৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের নামে প্যানেল দিলেও ইসলামী ছাত্রশিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেলে নির্বাচন করছে।
এছাড়া ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ‘দ্রোহ পর্ষদ’ নামে প্যানেল দিয়ে চাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এছাড়া কয়েকটি বাম ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন মিলিয়ে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছে।
ভিপি পদে ২৪ এবং জিএস পদে ২২ জন ভোট করছেন।
