দলীয় প্রার্থীর বাইরে মনোনয়নপত্র সংগ্রহ: চট্টগ্রামে বিএনপির ‘গৃহদাহ’ নাকি ‘দর কষাকষি’?
“মনোনয়ন নেওয়ার কারণে দলীয় হাই কমান্ড অনেক সময় তাদের ডেকে সরে যাওয়ার অনুরোধ করেন। তখন তারা ‘দর কষাকষির’ সুযোগ পান।”
চট্টগ্রামের বিভিন্ন আসনে বিএনপির ঘোষিত প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন নেতাদের পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে, যা আলোচনার জন্ম দিয়েছে।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টিকে কেউ কেউ বিএনপির ‘গৃহদাহ’ বা পুরানো বিরোধ জেগে ওঠার লক্ষণ হিসেবে দেখছেন। কেউ আবার একে ‘বিদ্রোহের ছলে ভবিষ্যতের দরকষাকষির সুযোগ তৈরির চেষ্টা’ হিসেবে দেখার কথা বলছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাসখানেক আগেই বিএনপি বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করে। প্রথম দফায় চট্টগ্রামের ১০টি আসনে এবং পরের দফায় চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
তবে বিএনপি নেতারা বলছেন, নির্বাচনের মনোনয়ন ফরমপত্র সবাই তুলতে পারেন। দল কাকে মনোনয়ন দিয়েছে বা দিচ্ছে সেটাই আসল।
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম- ১১ (ডবলমুরিং) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক) ছাড়া বাকি ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তাদের পাশাপাশি অন্য নেতাদের পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে।
বুধবার পর্যন্ত চট্টগ্রাম-১০ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরীর আসন ছাড়া বাকি ১১টি আসনে ঘোষিত প্রার্থীর বাইরেও বিএনপি নেতারা মনোনয়ন সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম-১১ (পতেঙ্গা) আসনে প্রার্থী ঘোষণা করা না হলেও সে আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।
একইভাবে চট্টগ্রাম-১৪ আসনে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম আইনজীবী সমতিরি সাবেক সভাপতি নাজিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের পক্ষ থেকে বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যেহেতু দল থেকে প্রার্থী পরিবর্তনের কোনো নির্দেশনা আসেনি। সেহেতু যাদের নাম ঘোষণা করা হয়েছে তারাই প্রার্থী।”
তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে সেটা এখানে বিবেচ্য না। দলের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি বিবেচ্য। এবার দলের সিদ্ধান্ত আছে ঘোষিত প্রার্থীর বাইরে কোনো মনোনয়নপত্র দেওয়া হবে না।
কোন আসনে কারা নিয়েছেন মনোনয়ন
চট্টগ্রাম-১ (মিরসরাই উপজেলা) আসনে বিএনপি প্রার্থী ষোষণা করেছে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনকে। তার বাইরে গিয়ে এ আসনে মনোনয়নপত্র নিয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা এ এ জেড আমিন খানের ছেলে জিয়াদ আমিন খান।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরোয়ার আলমগীরকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সেখানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছালাহ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারও মনোনয়নপত্র নিয়েছেন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা) আসনে আগে দুই দফায় সংসদ সদস্য হওয়া মোস্তফা কামাল পাশাকেই আবার মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. তারিকুল আলমও এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম- ৪ (সীতাকুণ্ড উপজেলা ও নগরীর ১১ ও ১২ নম্বর ওয়ার্ড) আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির টিকেটে নির্বাচন করেন কারাগারে থাকা আসলাম চৌধুরী। এবার বিএনপি সেখানে মনোনয়ন দিয়েছে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে। এর প্রতিবাদে আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল।
এদিকে গত শনিবার ঢাকায় বিএনপি চেয়ারপর্সনের কার্যালয়ে দলের ঘোষিত প্রার্থীদের নির্বাচনি কর্মশালায় সীতাকুণ্ড আসন থেকে আসলাম চৌধুরী উপস্থিত ছিলেন, সালাউদ্দিন ছিলেন না।
সিদ্ধান্ত বদলে আসলাম চৌধুরীকেই বিএনপি প্রার্থী করছে বলে তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালালেও দলের পক্ষ থেকে এখনও চূড়ান্ত কিছু বলা হয়নি।
রোববার রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আসলাম চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়।
চট্টগ্রাম-৫ (হাটহাজারি ও নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসনে বিএনপির মনোনয়ন পেতে এলাকায় সরব ছিলেন দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং কেন্দ্রীয় বিএনপি’র সাবেক উপ কোষাধ্যক্ষ এসএম ফজলুল হক।
হাটহাজারি উপজেলায় এ তিন জনের নিজস্ব বলয় রয়েছে। বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি কমিটিও আছে। তবে বিএনপি মীর হেলালের ওপর আস্থা রেখে তাকে মনোনয়ন দিয়েছে। তবে শাকিলা ফারজানা ও এসএম ফজলুল হকও মনোনয়পত্র সংগ্রহ করেছেন।
মীর হেলাল বলেন, “ঘোষিত প্রার্থী হিসেবে আমি দলের মনোনয়ন ফরম নিয়েছি। অন্যরা কেন নির্বাচনের ফরম তুলেছেন সেটা তাদের বিবেচনার বিষয়।”
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ঘুরে ফিরে এক পরিবারের সদস্যরাই বিএনপি ও আওয়ামী লীগ দুই দলের মনোনয়ন পেয়ে এসেছেন। ১৯৯৬ সালে এ আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জয়ী হন। সেখানে তার বিপরীতে প্রার্থী ছিলেন একই পরিবারের সদস্য তার চাচাত ভাই ফজলে করিম চৌধুরী।
২০০১ থেকে ২০২৪ পর্যন্ত এ আসনে টানা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের ফজলে করিম চৌধুরী, তিনি এখন কারাগারে।
বিএনপি এবার এ আসনে মনোনয়ন দিয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে।
বুধবার এ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার।
গত বছরের ৫ অগাস্ট পরবর্তী বিভিন্ন সময়ে রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের সঙ্গে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের সংঘর্ষ বেঁধেছে। দুই পক্ষের সংঘর্ষের জেরে উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দলীয় পদ স্থগিতও করা হয়েছে।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, বায়েজিদ ও পাঁচলাইশ আংশিক) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহকে। ২০০৮ সালে আসনটিতে মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন।
আলোচনায় না থাকলেও এরশাদ উল্লাহর বাইরে এ আসন থেকে মনোনয়ন নিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ মহিবুল ইসলাম।
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ‘মর্যাদাপূর্ণ’ আসন ধরা হয় নগরীর কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ আসনকে। এ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানকে।
এর বাইরে নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং ২০০৮ সালে এ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া ব্যবসায়ী সামসুল আলমও মনোনয়নপত্র নিয়েছেন।
চট্টগ্রাম বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ আবুল হাশেম বক্কর। নগরীর বিভিন্ন এলাকায় বক্করের সমর্থক আছে। আর ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা সামশুল আলম নগর বিএনপির সহ-সভাপতি ছিলেন। তবে বেশ কয়েক বছর ছিলেন অনেকটা আড়ালে।
নগর বিএনপির সাবেক এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৮ সালে আবু সুফিয়ান চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচন করেছিলেন। মহানগর থেকে নিয়ে তাকে যখন দক্ষিণ জেলার আহ্বায়ক করা হয় তখন থেকেই তিনি মূলত দক্ষিণ চট্টগ্রামের রাজনীতির সাথে জড়িয়ে গেছেন।
“আমরা দেখেছি আবু সুফিয়ানকে চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে। কিন্তু সে আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এরশাদ উল্লাহকে। আর আবু সুফিয়ানকে চট্টগ্রাম-৯ আসনে প্রার্থী করা হয়েছে।”
এ বিএনপি নেতার ভাষ্য, এনায়েত বাজার এলাকার বাসিন্দা হিসেবে আসনটিতে আবুল হাশেম বক্করের একটি বলয় আছে। ২০১৮ সালের নির্বাচনে আসনটিতে মনোনয়ন পেয়েছিন ডা. শাহাদাত হোসেন। এখন তিনি সিটি মেয়র। দীর্ঘদিন রাজনীতিতে থাকায় বক্করের আশা ছিল এ আসন থেকে দল তাকে মনোনয়ন দেবে।
আবুল হাশেম বক্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি স্থানীয়, সে হিসেবে স্থানীয় সাধারণ ভোটার, নেতাকর্মীরা আমাকে চাই। আশা করি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দল থেকে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করা হতে পারে। তাই আমারও নির্বাচন করার প্রস্তুতি আছে।”
বক্কর মনে করেন, স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে দল থেকে অনেক সময় প্রার্থী পরিবর্তন করা হয়। যেহেতু আরও সময় আছে, দল ‘হয়ত’ প্রার্থীর বিষয়ে পুনঃবিবেচনা করতে পারে। তবে সবশেষে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে ‘ধরে নেবেন’।
চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম দলীয় মনোনয়ন পেয়েছেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে এনাম পরিচিত মুখ। স্থানীয় রাজনীতিতে তার বিরোধী পক্ষও আছে।
এস আলম গ্রুপের গাড়ি সড়ানোর সাথে নাম আসায় গত বছর ১ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং সদস্য এসএম মামুন মিয়ার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়। প্রার্থী ঘোষণার পর দক্ষিণ জেলা বিএনপির অনেকই প্রকাশ্যে এনামের বিরোধিতা করেছেন।
এনামের বাইরে এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ।
দলের মনোনয়ন পাওয়া এনামুল হক এনাম মনে করেন, অন্য যারা মনোনয়ন নিয়েছেন, সময় হলে তারা ‘সরে যাবেন’। সবাই এক হয়ে দলের প্রার্থীর পক্ষে থাকবেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দল সিদ্ধান্ত নিয়ে আমাকে প্রার্থী করেছে। অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছে এটা ঠিক, কিন্তু আমরাতো সবাই দলের লোক। আশা করি সবাই দলের সিদ্ধান্তে থাকবেন, এর বাইরে কেউ যাবেন না।”
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা, কর্ণফুলী উপজেলা) আসনে বিএনপি আগের মতই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে সরোয়ার জামাল নিজামকে। তৃণমূলের অনেক নেতাকর্মীর অভিযোগ, দুর্দিনে তারা সরোয়ার জামালকে পাশে পাননি।
এ আসন থেকে দলীয় প্রার্থীর বাইরে মনোনয়নপত্র নিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ, সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। বেশ কয়েকবার এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এক সময়ের বিএনপি নেতা অলি আহমেদ, পরে তিনি এলডিপি গঠন করেন।
বুধবার এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের ছোট ভাই মহসিন জিল্লুর করিম।
এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এমএ হাশেম রাজু, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার হোসেনও মনোনয়নপত্র পেয়েছেন।
তৃণমূলের বিএনপি নেতারা মনে করেন, কৌশলগত বা জোটগত কারণে এ আসনে প্রার্থী ঘোষণা করেনি দল। তবে ইতোমধ্যে মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন।
‘জামায়াতে ইসলামীর ঘাঁটি’ হিসেবে পরিচিত চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে চার দলীয় জোটের প্রার্থী ছিলেন জামায়াত নেতা আ ন ম শাসমুল ইসলাম। এবার আসনটিতে বিএনপি প্রার্থী করেছে লোহাগাড়া বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিনকে।
এ আসনটিতে বিভিন্ন সময়ে বিএনপি’র ‘বিরোধ’ প্রকাশ্যে রূপ নিতে দেখা গেছে। নাজমুল আমিনের বাইরে মনোনয়নপত্র নিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক জামাল হোসাইন ও মুজিবুর রহমান।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সাতকানিয়া ও লোহাগাড়ার দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণ জেলা বিএনপি কমিটি ঘোষণার পর বিরোধী মেটাতে বেশ কয়েকবার বৈঠক হয়।
সে সময় দুই উপজেলার নেতাদের আলাদা আলাদা কর্মসুচি পালন করতে দেখা গেছে। এবার মনোনয়ন ঘোষণার পর আবার বিরোধ প্রকাশ্যে আসে।
মনোনয়ন পাওয়া নাজমুল মোস্তফা আমিন লোহাগাড়া উপজেলার বাসিন্দা হওয়ায় তার পক্ষে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা। আবার সাতকানিয়া উপজেলা বিএনপির একটি বড় অংশ জামাল ও মুজিবুরের পক্ষে অবস্থান নিয়েছে।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলটির দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে। তিনি সাবেক বন ও পরিবেশ মন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে। জাফরুল ইসলাম এ বাঁশখালী আসন থেকে ১৯৯৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত চার দফায় সংসদ সদস্য ছিলেন।
পাপ্পাকে মনোনয়ন দেয়ার পর এ আসনে প্রার্থী হওয়ার ইংগিত দিয়েছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেয়াকত আলী।
গত ২৭ নভেম্বর ফেইসবুক লাইভে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন লেয়াকত। গত রোববার তিনি মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।
ভিডিও বার্তায় লেয়াকত বলেন, “গত ২২ নভেম্বর জলদী হাই স্কুল মাঠে জনসভা ডেকেছিলাম। সেখানে লাখো মানুষের উপস্থিতি আমাকে প্রেরণা জাগিয়েছে। আপনারা সেদিন আমাকে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন। পরামর্শকে আদেশ মনে করে আমি সেদিন নির্বাচন করার ইঙ্গিত দিয়েছিলাম।
“তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের ঘোষণা করতে চাই, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব।”
এদিকে চট্টগ্রাম বিএনপির একাধিক নেতা বলেছেন, দলীয় মনোনয়ন না পেয়েও রিটার্নিং কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করাটা অনেকেরে ক্ষেত্রে ‘রাজনৈতিক কৌশল’।
তাদের ভাষ্য, দলীয় প্রার্থীর বাইরে গিয়ে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের সবাই ‘বিবেচনা করার’ মত নেতা। একটি এলাকায় একাধিক প্রার্থী থাকতে পারে, সেটা অস্বাভাবিক নয়। কিন্তু নির্বাচনে দলের মনোনয়ন পাবেন একজন, অন্য যারা মনোনয়নপত্র নিয়েছেন তারাও সেটি বোঝেন।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, “মনোনয়ন নেওয়ার কারণে দলীয় হাই কমান্ড অনেক সময় তাদের ডেকে সরে যাওয়ার অনুরোধ করেন। তখন তারা ‘দর কষাকষির’ সুযোগ পান। প্রার্থী না হলে নির্বাচনের পর তারা দলীয় বড় কোনো পদ কিংবা ভালো কোনো দায়িত্ব নেওয়ার আবদার করেন। এসব ক্ষেত্রে পরে তাদের মূল্যায়ন করা হয় বেশিরভাগ সময়।
“এ কারণেও অনেক নেতা মনোনয়ন না পেয়েও মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় অনুসারীদের চাঙ্গা রাখতে এবং পরবর্তীতে ভালো কোন দায়িত্ব পেতে।”
