Published : 12 Apr 2026, 09:00 PM
চট্টগ্রামের কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত করতে উভয় তীর থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানানো হয়েছে।
রোববার নগরীর ফিরিঙ্গি বাজার ফেরি ঘাট সংলগ্ন নদীর তীরে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনসহ কয়েকটি সংগঠনের মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, “যে নদী দেশ চালায় তার শরীরে এত ক্ষত মেনে নেওয়া যায় না। কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত করতে চট্টগ্রামের সংসদ সদস্যরা জোরালো কন্ঠে সংসদে কথা বলুন। অন্যথায় জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।
উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এ নদীর উভয় তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মানবন্ধনের বক্তারা।
চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন ছাড়াও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ ফোরাম, সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক, সিকদার ফাউন্ডেশন ও কর্ণফুলী নদী হস্তচালিত বড় সাম্পান মাঝি শ্রমিক ইউনিয়নের সদস্যরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
অন্যদের মধ্যে নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক আরীউর রহমান, কর্ণফুলী নদী সাম্পান মাঝি মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সহ-সভাপতি জাফর আহমেদ মানববন্ধনে বক্তব্য দেন।