১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রানওয়েতে হঠাৎ শেয়াল, উড্ডয়নের মুহূর্তে থামল ফ্লাইট

“একেবারে ফ্লাই করার আগমুহূর্তে পাশের জঙ্গল থেকে একটা শেয়াল রানওয়েতে ঢুকে পড়ে,” বলেন জনসংযোগ কর্মকর্তা।

রানওয়েতে হঠাৎ শেয়াল, উড্ডয়নের মুহূর্তে থামল ফ্লাইট
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 08:43 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ইউএস বাংলার ফ্লাইটটি যখন ঢাকার পথে উড়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে রানওয়েতে চলে আসে একটি শেয়াল।

বুধবার সকালে এ ঘটনায় ২৬ মিনিট দেরিতে উড়োজাহাজটি আকাশে ওড়ে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেকোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে বিমানবন্দরের ‘অপারেশন জিপ’ রানওয়ে পরিদর্শন করে। সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকাগামী ইউএস বাংলার ফ্লাইটটি ফ্লাইটটি উড্ডয়নের আগেও পরিদর্শন করে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।

“কিন্তু একেবারে ফ্লাই করার আগমুহূর্তে পাশের জঙ্গল থেকে একটা শেয়াল রানওয়েতে ঢুকে পড়ে। পাইলট কন্ট্রোল রুমে তথ্যটা জানানোর পর দ্রুত সেটিকে তাড়িয়ে দেওয়া হয়।” 

ইব্রাহীম খলিল বলেন, বিভিন্ন সময়ে রানওয়েতে কুকুর চলে আসে। কিন্তু শেয়াল আসার ঘটনাটি খুবই বিরল। ফ্লাইটটি পরে বেলা ১২টা ৬ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করে।

এ ঘটনায় অন্য বিমান চলাচলে কোনো বিলম্ব হয়নি বলে জানান তিনি।