২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

অটোরিকশা মেরামতের আড়ালে ‘আগ্নেয়াস্ত্র’ তৈরি, গ্রেপ্তার ২

অটোরিকশার মেকানিক হলেও জামাল অস্ত্র তৈরি করতে পারেন, বলছে পুলিশ।

অটোরিকশা মেরামতের আড়ালে ‘আগ্নেয়াস্ত্র’ তৈরি, গ্রেপ্তার ২
গ্রেপ্তার মো. জামাল হোসেন ও মো. কবির।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 09:20 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অটোরিকশার মেরামতের গ্যারেজে ‘আগ্নেয়াস্ত্র’ তৈরি ও বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি থেকে সোমবার রাতে পাঁচটি ‘আগ্নেয়াস্ত্র’ ও ২০টি গুলিসহ তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ওই দুজন হলেন- মো. জামাল হোসেন (৪৪) ও মো. কবির (৪৭)।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্ত্র বেচাকেনার গোপন সংবাদ পেয়ে জামাল মিস্ত্রি ও কবিরকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক পেনগান, চারটি পিস্তল এবং পেনগানের ১৮টি ও পিস্তলের দুটি গুলি উদ্ধার করা হয়।”

পুলিশ বলছে, জামাল অটোরিকশার মেকানিক হলেও বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করেন। আর কবির সেগুলো বিক্রি করেন।

পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “উদ্ধার করা অস্ত্রগুলো মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় ওসমানের গ্যারেজে তৈরি করা হয়। সেগুলো অনেকটা ‘অত্যাধুনিক’। অস্ত্রগুলোতে পিস্তলের ও শটগানের গুলি ব্যবহার করা যায়।”