চট্টগ্রামে ফ্লাইওভারের ‘উচ্চতা প্রতিবন্ধকে’ কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত ২
এ ঘটনায় আহত হন দুজন; যানবাহন চলাচল বিঘ্নিত হয় দুই ঘণ্টার মত।
চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকের (হাইট ব্যারিয়ার) সঙ্গে ধাক্কা লেগে একটি কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের বায়েজিদ অংশ দিয়ে নামার সময় এ ঘটনা ঘটে। এতে আহত হন দুজন; যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে দুই ঘণ্টার মত।
চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্লাইওভারের বায়েজিদ অংশের র্যাম্প দিয়ে নামার সময় উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লাগলে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ওই লেইনের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার কথা তুলে ধরে তিনি বলেন, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সিডিএর নির্মাণাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারে দুটি র্যাম্প রয়েছে। এসব র্যাম্পে ভারি যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য প্রবেশ ও নামার মুখে উচ্চতা প্রতিবন্ধক দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কার্ভাড ভ্যানটি উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লাগার পর আখতারুজ্জামান ফ্লাইওভারের র্যাম্পটিতে ওঠা বিভিন্ন যানবাহন দীর্ঘ যানজটে আটকা পড়ে।
