কুমিল্লায় রেললাইনে যুবকের খণ্ডিত লাশ, প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ-অবরোধ
ইসলামী ব্যাংক থেকে গত বছর চাকরিচ্যুত হওয়ার পর ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছিলেন তিনি।
কুমিল্লার লালমাইয়ে রেললাইন থেকে চট্টগ্রামের পটিয়ার এক যুবকের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে।
শুক্রবার সকাল ৮টায় লালমাই স্টেশনের কাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় পটিয়া বাইপাসের কাছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।
আবদুল আজিজ নামে ৩৪ বছর বয়সি ওই যুবকের বাড়ি পটিয়ার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামে।
ইসলামী ব্যাংক থেকে গত বছর চাকরিচ্যুত হওয়ার পর ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছিলেন তিনি।
লাকসাম রেলওয়ে থানার এসআই মাসুদুর রহমান বলেন, “লালমাই রেল স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে খণ্ড-বিখণ্ড লাশটি পড়ে ছিল। আমরা সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাই। স্বজনেরা লাশটি শনাক্ত করেছে।”
এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হওয়ার কথা বলেন তিনি।
আজিজের লাশ পাওয়ার ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পটিয়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা আধা ঘণ্টার মত সড়ক অবরোধ করেন। পরে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।”
