Published : 12 Jul 2026, 02:53 PM
রেললাইনে পানি কমার পর সংস্কার কাজ শেষে চট্টগ্রাম-কক্সবাজার পথে ট্রেন চলাচল শুরু হয়েছে পাঁচ দিন পর।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস রোববার বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। এরপর বেলা সোয়া ২টার দিকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বেলা ২টা ২০ মিনিটের দিকে ট্রেনটি ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া অংশ অতিক্রম করে। গত কয়েক দিন ওই এলাকার রেললাইন পানিতে তলিয়ে ছিল।
অন্যদিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস জানআলী হাট স্টেশন থেকে চট্টগ্রাম স্টেশনের দিকে রওনা হয় বেলা ১টার দিকে।
চট্টগ্রামে গত ৭ জুলাই ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। প্রবল বর্ষণে তলিয়ে যায় বন্দর নগরীর বিভিন্ন এলাকা।
ওই পরিস্থিতির মধ্যে নগরীর ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া সংলগ্ন এলাকায় রেললাইনে পানি ওঠায় আটকা পড়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’। এছাড়া রেললাইনের ওপর একটি গাছও ভেঙে পড়ে।
পরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ট্রেনটিকে ষোলশহর স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। রাত ৯টার দিকে ট্রেনটিকে ফিরিয়ে নেওয়া হয় চট্টগ্রাম স্টেশনে। দিনভর যাত্রীদের চরম ভোগান্তির পর রাত ১১টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
অন্যদিকে মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বুধবার ভোরে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। কিন্তু বুধবার সকালেও রেলললাইনের ওই অংশে পানি থাকায় ট্রেনটি কক্সবাজারের পথে যেতে পারেনি। পরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রাও বাতিল করা হয়।
একই কারণে ৭ জুলাই দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘প্রবাল এক্সপ্রেস’এবং সেদিন রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘সৈকত এক্সপ্রেস’ট্রেনের যাত্রাও বাতিল করা হয়।
বুধবার চট্টগ্রাম সফরে এসে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছিলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং রেললাইন থেকে পানি না সরা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
বৃষ্টির পরিমাণ কমে এলে শনিবার রেললাইনের ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া অংশে জমে থাকা পানির উচ্চতা কমে চার ইঞ্চিতে দাঁড়ায়।
রোববার বেলা ১১টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পানি জমে থাকা রেললাইনের ওই অংশ পরিদর্শন করেন।
মহাব্যবস্থাপক সুবক্তগীন তখন বলেন, “চট্টগ্রামে অনেকদিন পরে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে। সে কারণে ড্রেনেজের সংস্কার স্বত্ত্বেও পানি জমে যায়। গত মঙ্গলবার আমাদের রেললাইনের উপরেও পানি উঠে যায়।
“এরপর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি মনিটর করা হচ্ছিল। বুধবারের আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দেখে গেছেন। এরপর থেকে আমরা কাজ করেছি। আজ ট্রেন চলবে।”
পুরনো খবর
চট্টগ্রাম-কক্সবাজার পথে ট্রেন চলতে পারে রোববার
রেললাইন থেকে পানি না সরা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন বন্ধ: প্রতিমন্ত্রী
পানি ওঠা ঠেকাতে রেললাইন ৫ ফুট উঁচু করা হবে: রেলপথ প্রতিমন্ত্রী
লাইনের পানি সরেনি, সারাদিন আটকা পর্যটক এক্সপ্রেসের যাত্রা মধ্যরাতে বাতিল