চট্টগ্রামে ‘পূর্ব বিরোধের’ জেরে ছুরিকাঘাতে যুবক খুন
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে।
চট্টগ্রামে ‘পূর্ব বিরোধের’ জেরে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাহাড়তলী থানার আব্দুর পাড়া এলাকায় মঙ্গলবার সকাল ১০টায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়; ওইদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ২৮ বছর বয়সি মো. রিফাত ওই এলাকারই বাসিন্দা।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যাকারীরা রিফাতের পরিচিত। স্থানীয়ভাবে জানা যায় তারা একসাথে চলাফেরা করতেন। সকালে তাকে ডেকে এনে ছুরিকাঘাত করা হয়েছে।
“হত্যাকাণ্ডের ঘটনায় সিসি টিভির ফুটেজ পাওয়া গেছে। কারা এ হামলার সাথে জড়িত সেটাও শনাক্ত করা গেছে।”
জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
