Published : 17 Nov 2025, 01:48 PM
চট্টগ্রামে ভূমি অফিসের সাইনবোর্ড ও রেল লাইনে আগুন দেওয়া হয়েছে; এছাড়া হাটহাজারি উপজেলার কাটিরহাট এলাকায় সড়কে গাছের গুঁড়িতে ও টায়ারে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
সোমবার ভোর রাতে এসব ঘটেছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন।
নগরীর সার্সন রোডের মুখে নগরীর বাকলিয়া সার্কেল ভূমি অফিসের সাইন বোর্ডে আগুন দেওয়া হয় রোববার রাতে।
অতিরিক্ত পুলিশ সুপার আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৪টার দিকে কাটিরহাট এলাকায় সড়কে ও রেললাইনে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রেল লাইনের পাশে একটি স-মিল আছে। সেখান থেকে গাছের গুঁড়ি নিয়ে চট্টগ্রাম- নাজিরহাট রেল লাইনের উপর রেখে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
“একই সময়ে রেল লাইনের অদূরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুলো সরিয়ে দেয় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সার্সন রোডের মুখে ভূমি অফিসের সাইনবোর্ডে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি।
সাইনবোর্ড আগুনে পুড়লেও ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।