২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা চোরাচালানের দায়ে চট্টগ্রামে তিনজনের যাবজ্জীবন

২০১৫ সালে নগরীতে একটি প্রাইভেটকার থেকে ১২০টি সোনার বার উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 08:51 PM

Updated : 21 Aug 2022, 08:51 PM

চট্টগ্রামের বায়েজিদে সোনা চোরাচালানের দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এ রায় দেন।

সাজাপ্রাপ্ত তিনজন হলেন- জাকির উদ্দিন মুন্না, মেহাম্মদ জহির ও মো. ফারুক। এদের মধ্যে মুন্না ও জহির জামিন নিয়ে পলাতক। তবে ফারুক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, “যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি বিচারক তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে প্রত্যেককে।”

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ২৩ জুন সকালে বায়েজিদ বোস্তামী থানাধীন রুবি গেইট এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংক থেকে দুই প্যাকেটে ১২০টি সোনার বার উদ্ধার করে পুলিশ। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বায়েজিদ থানার এএসআই সঞ্জীব দত্ত বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ ধারায় একটি মামলা করেন।

আইনজীবী ফখরুল জানান, ২০১৫ সালের ১৩ নভেম্বর এ ঘটনায় অভিযোগপত্র দেওয়া হয় এবং পরের বছর ১৮ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার মামলার রায় হয়েছে।