লাইটার জাহাজডুবি: ভাটিয়ারি থেকে আরও এক নাবিকের লাশ উদ্ধার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুদিন আগে সিমেন্ট ক্লিংকার বোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ চার নাবিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে সীতাকুণ্ডে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় উপকূল থেকে মো. হানিফ শেখ (২৫) এর মরদেহ উদ্ধার করা হয়।
হানিফ শেখ ফরিদুরের আলফাডাঙ্গা থানার হান্নান শেখের ছেলে। ডুবে যাওয়া লাইটারে তিনি লস্কর পদে চাকরি করতেন।
এদিন বেলা ২টায় ডুবে যাওয়া লাইটার জাহাজ ‘এমভি টিটু-১৪’ এর মাস্টার শেখ ফরিদ, নিহত হানিফ শেখের চাচা আনিসুর রহমান ও বন্ধু মো. ইমারত মরদেহ শনাক্ত করে।
চট্টগ্রাম নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগর উপকূলে একটি মরদেহ ভাসছে খবর পেয়ে আমরা গিয়ে তা উদ্ধার করি। উনার ট্রাউজারে একটি মোবাইল ফোন সেট পাই।
“পরে জাহাজের মাস্টার শেখ ফরিদ, হানিফ শেখের চাচা আনিসুর রহমান ও বন্ধু ইমারত এসে ট্রাউজার, মোবাইল, জামা, দাড়ি দেখে তাকে শনাক্ত করে।।”
পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয় জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় সীতাকুণ্ড থানায় শেখ ফরিদ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করবেন। সেটা প্রক্রিয়াধীন আছে। শেখ ফরিদ নিহত হানিফ শেখের চাচা।
ডুবে যাওয়া ‘এমভি টিটু-১৪’ জাহাজে থাকা ১৩ নাবিকের মধ্যে এ নিয়ে ১০ জনকে উদ্ধার করা হলো।
গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আবুল খায়ের গ্রুপের জাহাজটি অন্য একটি নৌযানের ধাক্কায় ডুবে যায়।
জাহাজটি সিমেন্টের ক্লিংকার বোঝাইয়ের পর গন্তব্য যাওয়ার আগে বন্দরের আলফা অ্যাংকরেজে (বে টার্মিনালের জন্য নির্ধারিত অংশে) অপেক্ষা করছিল।
এসময় অন্য কোনো একটি জলযানের ধাক্কায় লাইটারটি ডুবে যায়। এর কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জাহাজের নিখোঁজ নাবিকদের খোঁজে কোস্টগার্ডের জাহাজ ‘কুতুবদিয়া’ এখনও অভিযান চালাচ্ছে বলে কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন।
