২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হালদায় ১০ হাজার মিটার জাল জব্দ

প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে আবার বিপুল পরিমাণ ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 06:36 PM

Updated : 28 Apr 2022, 11:54 PM

সোমবার হালদা নদীর মোহনায় পাতানো ১০ হাজার মিটার এসব জাল জব্দের কথা জানান নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, কিছু চোরা শিকারী হালদা নদীতে বিভিন্নভাবে মাছ ধরে আসছে। দুপুরে মোহনা এলাকায় এ অভিযান চালানো হয়।

চট্টগ্রামের রাউজান, হাটাহাজারী ও ফটিকছড়ি উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত হালদাকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে সরকার। কিন্তু বহু চেষ্টা করেও চোরা শিকারীদের উৎপাত থামানো যাচ্ছে না। 

মৌসুমের প্রথম বা দ্বিতীয় ভারী বর্ষণে (এপ্রিলের শেষ বা মে'র শুরুতে) হালদায় মা মাছ ডিম ছাড়ে। এছাড়া পাহাড়ী ঢল নামলে এবং অমাবস্যা বা পূর্ণিমার তিথি থাকলেও ডিম ছাড়ে মা মাছ। সেসময় নিষিক্ত ডিম সংগ্রহ করে হালদা পাড়ের মৎস্যজীবীরা।

সংশ্লিষ্টরা বলছেন, ডিম ছাড়তে মা মাছের আনাগোনা বাড়তে শুরু করলে চোরা শিকারীদের উৎপাতও বাড়ে। তাদের অভিযোগ, টানা অভিযানেও থামছে না শিকারীদের তৎপরতা।

এর আগে গত ২ মার্চ ১০ হাজার মিটার ও পরদিন হাজার মিটারসহ দুই দিনে মোট ২৮ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক এ মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে। এর আগের মাসেও কয়েক দফায় কয়েক এলাকা থেকে জাল জব্দ করা হয়।