২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইসি প্রধানমন্ত্রীর ‘হাতের পুতুল’ হিসেবেই থাকবে: শাহ আলম

নবগঠিত নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ‘হাতের পুতুল’ হিসেবেই থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 08:54 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সিপিবির চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শাহ আলম বলেন, “নির্বাচন কমিশন যে প্রক্রিয়া-পদ্ধতিতে হয়েছে, এ কমিশন প্রধানমন্ত্রীর হাতের পুতুল হিসেবেই থাকবে। যে আইনটা হয়েছে, এটা একটা কালো আইন। শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন না। কিন্তু স্বৈরশাসক যারাই আসবে, বিশেষ করে সামরিক স্বৈরশাসকদের জন্য এটা পোয়াবারো হয়েছে।

“জনগণের ভোটের অধিকার নেই। এখন আইন করে তা ছিনতাই করা হয়েছে। এই আইনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ছিনতাই হয়ে গেছে। এই আইন বাতিল করে জনগণের ভোটের অধিকার ফেরাতে আবার আমাদের লড়াই করতে হবে।“

সিপিবি কারও ক্ষমতায় যাওয়ার বাহন হতে চায় না মন্তব্য করে দলের প্রধান বলেন, “আমরা কাউকে ক্ষমতায়ও রাখতে চাই না। আমরা কারও ক্ষমতার সিঁড়ি হিসেবেও ব্যবহৃত হতে চাই না। আমরা আর পরগাছাবৃত্তি করব না। বিএনপি যদি গাছ হয়, আওয়ামী লীগ যদি গাছ হয়, তাহলে সেখানে পরগাছার ভূমিকা আমরা আর নেব না।

“আমরা বিকল্প গড়তে চাই, ক্ষমতায় যেতে চাই। আমরা ব্যবস্থা বদল করতে চাই। প্রকৃত গণতন্ত্র কায়েম করতে চাই।”

সিপিবি‘র নবনির্বাচিত সভাপতি শাহ আলম ভোটের অধিকার, বিকল্প বাম শক্তি গঠন, দ্রব্যমূল্য বৃদ্ধি, সিন্ডিকেট বাণিজ্য, সামনের নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোট সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে। হরতালে বিএনপির সমর্থন দেওয়া নিয়ে প্রশ্ন করেন এক সংবাদিক।  

জবাবে শাহ আলম বলেন, “২৮ মার্চ হরতাল আমরা ডেকেছি। বিএনপির সমর্থন তো আমরা চাইনি। তার রাজনীতি সে করুক। তার কোমরে জোর থাকলে সে আলাদা করুক।

“হরতালে সমর্থন দিয়েছে। কিন্তু বিএনপি কি মুক্তবাজারের বিরুদ্ধে দাঁড়াবে? রেশনশপ চালু করার পক্ষে থাকবে? গণবণ্টন–ব্যবস্থার পক্ষে, শিক্ষা–স্বাস্থ্য সরকারিকরণের পক্ষে সে থাকবে? না বিএনপিতো নিজেই মুক্তবাজারপন্থি।”

সিপিবি‘র এই নেতা আরও বলেন, “আমাদের এই রাজনীতিকে যারা ভণ্ডুল করতে চাচ্ছেন, তাদের হুঁশিয়ার করতে চাই। এই নিয়ে আমরা মাঠে নেমেছি। গোটা বাংলাদেশে আমাদের পার্টি নেমে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ বাম জোট হরতাল ডেকেছে। আমরা মাঠে আছি, থাকব। মামলা-হামলার ভয় দেখিয়ে আমাদের লাভ নেই।”

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে সিপিবি সভাপতি বলেন, “সাংবাদিকতাকে চূড়ান্ত নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ, যে লুটেরারা ক্ষমতায় আছে, অবাধ সাংবাদিকতা যদি চলে, তাহলে লুটেরাদের সব কর্মকাণ্ড তো বেরিয়ে আসবে। সে জন্য সাংবাদিকদতার স্বাধীনতা তারা দেবে না। আজ দেশ দুই ভাগ হয়ে গেছে। একদিকে ৯৫ ভাগ, আরেকদিকে ৫ ভাগ।”

আগামী নির্বাচনে সিপিবি‘র অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ যদি গণ–আন্দোলনে নেমে যায়, আমরা ভোটে যাব কেন? গণ–আন্দোলন করে রেজিম পরিবর্তন করে তারপর ভোটে যাব।

“মানুষ যদি ঘুমিয়ে থাকে, তাহলে আমরা ভোটে যাব। ভোটের কেন্দ্র পাহারা দিয়ে জনগণের ভোটের অধিকার কায়েম করতে হবে। এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ নয়। মুক্তিযুদ্ধের চার মূলনীতি থেকে তারা দূরে সরে গেছে ।“

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম দক্ষিণ জেলার কানাইলাল দাশ ও সাধারণ সম্পাদক শওকত আলী উপস্থিত ছিলেন।