ক্রেতা সেজে গিয়ে মটরসাইকেল নিয়ে পালাতেন তিনি
চট্টগ্রামে মোটরসাইকেল চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ক্রেতা সেজে বিক্রেতার কাছে গিয়ে চালিয়ে দেখার কথা বলে বাইক নিয়ে পালিয়ে যেতেন বলে পুলিশের ভাষ্য।
ইস্তিহান ইবনে সিনহা নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ঢেমশা এলাকা থেকে রোববার রাতে একরামুল হক ওরফে একরাম নামের ২৪ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তার একরাম সাতকানিয়া উপজেলার ঢেমশা এলাকায় একটি পোল্ট্রি ফার্মে চাকরির আড়ালে এই কারবার চালিয়ে আসছিলেন।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিনহা গত ২০ ফেব্রুয়ারি একটি অনলাইন মার্কেট প্লেসে তার বন্ধুর হয়ে একটি পালসার মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেখে পরদিন সকালে একরাম তাকে ফোন করে মোটরসাইকেলটি কেনার আগ্রহ প্রকাশ করেন।
সে অনুযায়ী বিজ্ঞাপন দাতা সিনহা ও বাইকের মালিক সজীব মিলে আমানত শাহ মাজার গেইটে মোটরসাইকেল দেখাতে যান। একরাম একটি মোটরসাইকেল নিয়ে তাদের সাথে দেখা করতে যান। পরে সেটি তাদের কাছে রেখে পালসার মটরসাইকেলটি চালিয়ে দেখার কথা বলে পাথরঘাটা বান্ডেল রোডের দিকে গিয়ে ‘উধাও’ হয়ে যান।
“সিনহারা তখন ফোন করলে একরাম বলেন, কোতোয়ালি থানা মোড়ে লাইসেন্স না থাকার কারণে ট্রাফিক সার্জেন্ট তার বাইক আটক করেছে। সাথে সাথে দুই বন্ধু কোতোয়ালি থানা মোড়ে যান। কিন্তু সেখানে একরামকে না পেয়ে বুঝতে পারেন, সে পালিয়ে গেছে।”
এরপর কোতোয়ালি থানায় মামলা করেন সিনহা। সেই মামলার তদন্ত করতে গিয়েই সাতকানিয়া থেকে একরামকে গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই মোমিনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিনহাদের সঙ্গে দেখা করার সময় হিরোর একটি হাংক মটরসাইকেল চালিয়ে গিয়েছিলেন একরাম। সেটা রেখে তিনি পালসার বাইকটি নিয়ে চম্পট দিয়েছিলেন।
“জিজ্ঞাসাবাদে একরাম জানিয়েছে, ওই হাংক মটরসাইকেলটিও মাস দুয়েক আগে নগরীর ফরেস্ট গেইট এলাকা থেকে চালিয়ে দেখার কথা বলে আরেকজনের কাছ থেকে নিয়ে তিনি পালিয়েছিলেন।”
একরাম অনলাইনে বিজ্ঞাপন দেখে দেখে বিক্রেতার সাথে যোগাযোগ করে এই কৌশল চালিয়ে আসছিলেন জানিয়ে পুলিশ বলছে, তার কাছে এরকম আরও মোটরসাইকেল থাকতে পারে।
