২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির সূর্য সেন হলের মারামারি তদন্তে কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের নিজেদের মধ্যে মারামারি ও হল ভাংচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 10:04 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

বৃহস্পতিবার এক জরুরি সভায় পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয় বলে জানান প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার রাতে মাস্টারদা সূর্য সেন হলে দুই পক্ষের মারামারি ও হল ভাংচুরের ওই ঘটনা তদন্তে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আবুল মনছুরকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক ড. জারিন আক্তার, মাস্টারদা সূর্য সেন হলের প্রভোস্ট ড. তড়িৎ কুমার বল, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী ও সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম।

প্রক্টর বলেন, “মাস্টার দা সূর্যসেন হলে দুই পক্ষের বাগবিতণ্ডাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। রাতে হলের আসবাবপত্র, জানলার কাচ ও বিভিন্ন জিনিসপত্র ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

“দুপুরে আবাসিক হল, প্রশাসনিক ভবন ও ক্যান্টিন ভাংচুরের প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।"

প্রতক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বুধবার রাতে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইনের এক অনুসারীকে হেনস্তা করার ঘটনায় বিবাদে জড়ায় সিক্সটি নাইন ও এপিটাফ গ্রুপের অনুসারীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ঢিল নিক্ষেপের ঘটনা ঘটে।

সিক্সটি নাইন ও এপিটাফ উপ-গ্রুপ সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।