চট্টগ্রামে বইমেলা থেকে ‘জঙ্গি সন্দেহে’ আটক ২
চট্টগ্রামে একুশে বইমেলা থেকে ‘জঙ্গি সন্দেহে’ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের মেলা প্রাঙ্গণ থেকে তাদের আটক করে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও কোতোয়ালি থানা পুলিশ। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মুজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে নয়, জিজ্ঞাসাবাদের জন্য ২০/২২ বছর বয়সী এক যুবককে থানায় নেওয়া হয়েছে।
“ওই যুবকটি একটি মাদ্রাসার ছাত্র। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কোনো অভিযোগ পাওয়া গেলে পরে তা জানানো হবে।”
এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিট এক যুবককে আটক করলেও সে বিষয়ে কেউ কথা বলেনি।
মৌলবাদ ও জঙ্গিবাদকে উৎসাহিত করে- এমন বই মেলায় রাখা যাবে না বলে রোববার মেলার উদ্বোধনের আগে জানিয়েছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত এবারের একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদন ফরমে বলা হয়, “মেলার স্টলে স্বাধীনতা, মুক্তিযুদ্ধবিরোধী ও পাইরেটেড কোনো বই রাখা যাবে না। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ নিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বইমেলায় ‘ইসলামী বই বিক্রি করা যাবে না’ এমন গুজব ছড়িয়ে মেলা বয়কটের আহ্বান জানানো হয়।
সেই পরিপ্রেক্ষিতে রোববার মেয়র বলেছিলেন, “ইসলামী ধর্মীয় বই রাখা যাবে না, এটা কোনোখানে বলা হয়নি।… জঙ্গিবাদের আশ্রয়দাতা যারা জঙ্গিবাদকে উৎসাহিত করে, যে বই পড়ে আমাদের তরুণ প্রজন্ম জঙ্গিবাদে উৎসাহিত হয়- সেসমস্ত বই এই মেলাতে রাখা যাবে না।”
