২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে এক যুবককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2022, 08:00 PM

Updated : 02 Aug 2022, 02:51 PM

নগরীর কোতোয়ালী ও খুলশী থানা এলাকায় সোমবার ভোর পর্যন্ত দুই দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- মো. মোবারক হোসেন (২৬), মো. হারুণ অর রশিদ ওরফে অরুন (৫৮), মো. মহিউদ্দিন ওরফে শাকিল ওরফে সাগর (৫২) ও মো. রিদোয়ান (২৭)।

পুলিশ বলছে, এটি ‘ফ্লাইওভার কেন্দ্রিক’ ছিনতাইকারী চক্র। যারা রাত থেকে ভোর পর্যন্ত আখতারুজ্জামান ফ্লাইওভারে ঘুরে ঘুরে ছিনতাই করে।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে জিইসি মোড় বাটা গলি সংলগ্ন আখতারুজ্জামান ফ্লাইওভারের উপর থেকে ছুরিকাঘাতে আহত মো. সুমন নামে ২৫ বছর বয়সী এক যুবককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে তিন ব্যাগ রক্ত দেওয়ার ব্যবস্থা করে।

ওসি জানান, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জিইসি মোড় থেকে একটি সিএনজি অটো রিকশা জব্দ করে এবং রিদোয়ানকে গ্রেপ্তার করে। এছাড়া কোতোয়ালি ও খুলশী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য তিন জনকে গ্রেপ্তার করে।

ওসি সন্তোষ চাকমা বলেন, “গ্রেপ্তার হওয়ারা সংঘবদ্ধ ছিনতাইকারী। তারা মূলত রাত থেকে ভোর পর্যন্ত আখতারুজ্জামান ফ্লাইওভারে সিএনজি অটো রিকশা নিয়ে ঘুরে বেড়ায়। ফ্লাইওভারে কাউকে পেলে ছুরিকাঘাত করে টাকা পয়সা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।”

ওসি জানান, আহত সুমনের বাবা মামলায় উল্লেখ করেছেন তার ছেলে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করেন। কাজ শেষে ভোর রাত চারটার দিকে ফ্লাইওভার দিয়ে হেঁটে ঘরে ফেরার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।