২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে ঢুকে ‘চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে’ আগুন

চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের একটি শাখার গ্রিল কেটে ঢুকেও ‘চুরি করতে না পেরে’ কাগজপত্রে আগুন দিয়ে পালিয়েছে দুই ‘চোর‘।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 07:36 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

নগরীর বড়পোল এলাকায় ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারিশ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাতের বেলা দুইজন চোর ওই শাখার গ্রিল কেটে প্রবেশ করে। তবে এসময় তারা বিশেষ কিছু না পেয়ে সেখানে থাকা কাগজপত্রে আগুন দিয়ে পালিয়ে যায়।”

এ ঘটনায় ট্রাস্ট ব্যাংক বড়পোল শাখার পক্ষ থেকে হালিশহর থানায় একটি ‘চুরির চেষ্টার’ মামলা হয়েছে।

হালিশহর থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে এটি চুরির চেষ্টার ঘটনা। তারা ব্যাংকের একটি কক্ষে প্রবেশের পর সেখানে টাকা না পেয়ে কাগজপত্র তছনছ করে এবং আগুন লাগিয়ে পালিয়ে যায়।”

তিনি বলেন, ‍ব্যাংক কর্তৃপক্ষও পুলিশকে বলেছে, ওই শাখা থেকে কোনো টাকা খোয়া যায়নি।

সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার পর তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।