চট্টগ্রামে করোনাভাইরাসে নারী চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে দিনার জেবিন (২৯) নামে ওই চিকিৎসক মারা যান।
ডা. জেবিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। তিনি নগরীর দেওয়ানহাট মীর পাড়া এলাকার রাকিবুল হাসানের স্ত্রী।
মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. মো. নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ ধরে ম্যাক্স হাসপাতালে ভর্তি ছিলেন জেবিন। আজ সকলে তার মৃত্যু হয়।”
ডা. জেবিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন ম্যাক্স হাসপাতালের একজন চিকিৎসক। তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের সেই সন্তান মারা যায়।
চট্টগ্রামে এ পর্যন্ত ২৫ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখা জানিয়েছে।
