বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ চট্টগ্রামে
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রামে যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার চট্টগ্রাম নগর যুবলীগ, নগর ছাত্রলীগ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগ ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ পৃথক মিছিল সমাবেশ করে।
নগরীর নিউ মার্কেট এলাকায় যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে মিছিল-সমাবেশ করে যুবলীগ।
সমাবেশে মহিউদ্দিন বাচ্চু বলেন, “স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
সমাবেশে নগর যুবলীগ সদস্য হাফিজ উদ্দিন আনসারী, আকবর হোসেন, আকবর হোসেন, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, একরাম হোসেন, এম আর ভুইয়া, শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, শহীদুল ইসলাম মকবুল, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, রণজিৎ দে প্রমুখ।
নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে ছাত্রলীগ। নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর মিছিলে নেতৃত্ব দেন।
সমাবেশে ইমু বলেন, “কুষ্টিয়ায় রাতের অন্ধকারে যারা দুস্কর্ম ঘটিয়েছে, তারা চিহ্নিত অপশক্তি এবং ৭১ এর পরাজিত সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী। তাদের সাম্প্রতিক কর্মকান্ড সীমা লঙ্ঘন করেছে।
“বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, এটি সরাসরি দেশের অস্বিত্বে আঘাত।অপরাধীদের গ্রেফতার এবং শাস্তিই শুধু নই, এদের সমূলে উৎপাটন করতেই হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশের সামনে সবচেয়ে বড় হুমকি এখন ধর্মীয় মৌলবাদ।”
মহসিন কলেজ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ করে কলেজের ফটকে।
সমাবেশে মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন বলেন, “ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটল।
“এদিকে শনিবার সন্ধ্যায় ভাস্কর্যটির সামনে মাইক্রোবাস থেকে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। জাতির পিতার ভাস্কর্যের ওপর যারা আঘাত হানার দুঃসাহস দেখায়, তাদের প্রতি আমরা ঘৃণা জানাচ্ছি। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। এ স্বাধীনতা বিরোধী অপশক্তিকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব।”
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের নেতৃত্বে মিছিল ও সমাবেশ করেছে।
