‘অরাজনৈতিক ইস্যু’ নিয়ে ‘অশুভ খেলা’: নাছির
ধর্ষণবিরোধী আন্দোলন থেকে সরকার পতনের ডাক দেওয়ার দিকে ইঙ্গিত করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘অরাজনৈতিক ইস্যু’ নিয়ে ‘অশুভ খেলা’ শুরু হয়েছে।
রোববার নগরীর ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের তিনটি ইউনিটের কার্যনির্বাহী সভায় তিনি একথা করেন।
নাছির বলেন, “আজ এমন একটি পরিস্থিতি যখন কিছু অরাজনৈতিক ইস্যু তৈরি করে এই সরকারকে পতনের অশুভ খেলা তৈরি হয়েছে।”
তিনি বলেন, “ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ শুধু প্রেসক্লাবের সামনে মানবন্ধন নয়, আমরা এলাকায় এলাকায় দুষ্ট চক্রকে চিহ্নিত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই।”
সদ্য সাবেক মেয়র নাছির আসছে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রেজাউল বলেন, “আমি ব্যক্তির নয়, বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রতীক নৌকার বিজয় চাই। এই বিজয়ে সকলকে শরিক হওয়ার আহ্বান জানাই।”
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড নেতা আবুল কালাম সর্দার, মোহাম্মদ আবু নাসের আলম, শামসুল আলম চৌধুরী সভায় বক্তব্য দেন।
