২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরও দুজন কোভিড-১৯ রোগী শনাক্ত

চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে শুক্রবারের নমুনা পরীক্ষায় দুজনের নভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2020, 11:02 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

এদিন বিআইটিআইডিতে মোট ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, এর মধ্যে চট্টগ্রাম জেলার একজন এবং নোয়াখালীর একজনের নমুনায় করোনাভাইরাস ধরা পড়ে।

চট্টগ্রামে আক্রান্ত ২৫ বছর বয়সী নারী মহানগরীর পাহাড়তলী শাপলা আবাসিক এলাকায় থাকেন। তিনি ওই এলাকায় আগে আক্রান্ত এক নারীর ভাইয়ের স্ত্রী বলে জানা গেছে।

পাহাড়তলী থানার ওসি ময়নুর রহমান জানান, শাপলা আবাসিক এলাকার ওই বাড়ি আগে থেকেই লকডাউন করা আছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে এ পর্যন্ত চট্টগ্রাম বিভাগের করোনাভাইরাস শনাক্তের জন্য ১২১৬ জনের নমুনা পরীক্ষা করা হল।

এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৫৭ জনের। চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা ৩৪ জন।

এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন।