২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভেজালবিরোধী অভিযানে সোয়া লাখ টাকা জরিমানা

অননুমোদিত রঙের ব্যবহার, মেয়াদোত্তীর্ণ খাবার ও ওষুধ বিক্রিসহ নানা অভিযোগে চট্টগ্রামে ১১টি প্রতিষ্ঠানকে এক লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 10:10 PM

Updated : 10 Oct 2022, 09:33 PM

নগরীর সদরঘাট, হালিশহর, চান্দগাঁও, বায়েজিদ ও পাঁচলাইশ এলাকায় এসব অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ও সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস।

সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় পেঁয়াজসহ অন্যান্য খোলা পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য রাখায় হাবিব ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হালিশহর থানার নুর সুইটস‌কে নি‌ষিদ্ধ ঘো‌ষিত এনা‌র্জি ড্রিংক বিক্রির জন্য রাখায় আট হাজার টাকা জরিমানা করা হয়।

ফ্যামিলি নিডস শপকে মোড়কজাত বিধি না মানায় (মোড়কজাত প‌ণ্যের মোড়‌কে যথাযথ তথ্য প্রদান না করা) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওষুধের দাম ‘টেম্পারিং’ করায় হালিশহরের সৌদিয়া ফার্মেসীকে ১০ হাজার এবং খাবারে ব্যবহারের জন্য অননুমোদিত কৃত্রিম রঙ বিক্রির জন্য রাখায় নাসির স্টোরকে আট হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর। 

খাবারে হাইড্রোজ ব্যবহার, ফ্রিজে কাঁচা মাছ মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখায় বেসরকারি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মাছে কৃত্রিম রঙ দেয়ায় আতুরার ডিপো বাজারের নবীর মাছের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ১২ কেজি রঙ মেশানো মাছ ধ্বংস করা হয়।

আইসক্রিমে অননুমোদিত রঙ ব্যবহার করায় হালিশহর এ ব্লকের শাহজাহান স্টোরকে পাঁচ হাজার টাকা ও হাউসফুল ফ্যা‌মি‌লি শপ‌কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চান্দগাঁও শমসের পাড়া এলাকার এন এম ফার্মেসিকে মেয়াদবিহীন ও কাটা ওষুধ বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আতুরার ডি‌পোর ইয়া‌সিন স্টোর‌কে খা‌দ্যে ব্যবহা‌রের উ‌দ্দে‌শ্যে অননু‌মো‌দিত রঙ ও হাই‌ড্রোজ বিক্রির জন্য রাখায় ১৫ হাজার টাকা জরিমানা গুণতে হয়।