২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণ, ফুপাত ভাই গ্রেপ্তার

চট্টগ্রামে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার ফুফাত ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 05:36 PM

Updated : 08 Apr 2022, 04:57 PM

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন থেকে মঙ্গলবার রাতে মো. ইসমাইল (৩২) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

ইসমাইল চাম্বল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সিন্দিপাড়ার বাসিন্দা অজিউর রহমানের ছেলে।

বাঁশখালী থানার এসআই হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোট ভাইকে ডাক্তার দেখাতে ইসমাইল মঙ্গলবার তার মা ও ভাইকে নিয়ে উত্তর জলদীতে মামার বাড়িতে গিয়েছিল। সেখানে সে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণিপড়ুয়া তার মামাত বোনকে ধর্ষণ করে।”

এসআই হাবিব বলেন, “মেয়েটির মা বিকালে ইসমাইলের মা ও ছোট ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ইসমাইল তার মামাত বোনকে ধর্ষণ করে। মেয়েটি চিৎকার করলে প্রতিবেশী নারীরা এগিয়ে এলে ইসমাইল পালিয়ে নিজের চাম্বলে চলে যায়।

“মেয়েটির মা এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ চাম্বল থেকে ইসমাইলকে গ্রেপ্তার করে।”

পেশায় অটোরিকশা চালক ইসমাইল বিবাহিত বলে জানিয়েছে পুলিশ।