চবি ছাত্র ইউনিয়নের সম্মেলন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ৩১তম সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলা প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সম্মেলন উদ্বোধন করে বাংলাদেশের কমিনিউস্ট পার্টির (সিপিবি) সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “বাংলাদেশের মানুষ লোভ আর ভয়ের রোগে আক্রান্ত। সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। কিন্তু বর্তমানে সবার মাঝে আমিত্ব ঢুকে গেছে।
“কিছু করতে গেলেই লোভ আর ভয় চেপে ধরছে। বর্তমানে সর্বত্র ঘুষ, দূর্নীতি, লুটপাট আর দূবৃত্তায়ন প্রবেশ করেছে। যার অন্যতম ক্যাসিনো ব্যবসার অপসংস্কৃতি এখন সবার সামনে উন্মুক্ত।”
তিনি বলেন, “দেশের সাড়ে চার কোটি মানুষ এখনও অর্ধাহারে জীবন যাপন করছে। সংখ্যালঘুদের উপর আর পাহাড়ে নির্যাতন চলছে নির্বিচারে। অথচ মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই অবস্থা থেকে বেরিয়ে গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি বলেন, “গণতন্ত্রহীন ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় সমূহ পরিচালিত হচ্ছে। ভিসিরা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। ছাত্রসমাজকে সাথে নিয়ে ছাত্র ইউনিয়ন দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনা করছে। ইস্পাত-সম এই সংগ্রাম সারাদেশে ছড়িয়ে দিতে হবে।"
‘পূর্ণাঙ্গ আবাসন-পরিবহন সুবিধা ও গবেষণাবান্ধব মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস চাই' স্লোগানে এবারের সম্মেলন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।
ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুরের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধীষণ প্রদীপ চাকমা। শুক্রবার সংগঠনের সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে, যাতে নতুন নেতৃত্ব নির্ধারণ হবে।
