ইয়াবাসহ নারী গ্রেপ্তার
ঢাকা থেকে কক্সবাজার যান বিমানে, প্রতিবারেই ফেরার পথে নিয়ে যান ইয়াবা। এবার বিমানের টিকিট না পেয়ে সড়ক পথে ঢাকায় যাওয়ার সময় চট্টগ্রামে ধরা পড়েছেন পুলিশের হাতে।
নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে সোমবার নাঈমা তালুকদার (৩০) নামে এ নারীকে গ্রেপ্তার করে পুলিশ। নাঈমার বাড়ি টাঙ্গাইলের ভূঁঞাপুর হলেও তিনি ঢাকায় থাকেন।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল নাঈমা। গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি করে নাঈমাকে আটক করা হয়। তার সাথে একটি প্যাকেট থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
নাঈমা বিকালে মহানগর হাকিম আল ইমরানের আদালতে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ কর্মকর্তা নেজাম বলেন, “তার মোবাইলে বেশকিছু পিএনআর নম্বর পাওয়া গেছে। নাঈমা জানিয়েছে মাসে কয়েকবার সে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া আসা করে। প্রতিবারেই সে বিমানে যাওয়া আসা করে এবং যাবার পথে ইয়াবা নিয়ে যায়। রোববার সকালে নাঈমা ঢাকা থেকে বিমানে কক্সবাজার গিয়েছিল। তবে ফেরার পথে বিমানের টিকিট না পেয়ে বাসে করে যাচ্ছিল ঢাকায়।”
ওসি জানান, নাঈমা তার সাথে কিছু অ্যাকাডেমিক কাগজপত্র রাখে। সবাইকে সে জানায় চাকরির পরীক্ষা দিতে কক্সবাজার গিয়েছে।
এদিকে, বাকলিয়া থানার ইসহাকের পুল এলাকা থেকে ৫২০ পিস ইয়াবা ও অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি নেজাম জানান, মনির হোসেন (২৮) নামে এ যুবক তালিকাভুক্ত ইয়াবা কারবারী। তার পরিবারের মা, ভাই, বোনও ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত।
রাতে ইসহাকের পুল এলাকা থেকে তাকে তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
