চান্দগাঁওয়ে হচ্ছে হাইটেক পার্ক
চান্দগাঁওয়ে হাইটেক পার্ক স্থাপনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষর করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
সোমবার সিটি করপোরেশন মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে বিএফআইডিসি রোড সংলগ্ন চান্দগাঁও এলাকায় ১১ দশমিক ৫৫ একর জায়গায় হাইটেক পার্ক নির্মাণ করা হবে।
এই অনুষ্ঠানের পর বিকালে নগরীর আগ্রাবাদে সফটওয়্যার টেকনোলজি পার্কের ভিত্তিস্থাপন করেন মন্ত্রী।
তিনি বলেন, আগামীতে বন্দরনগরী চট্টগ্রাম ডিজিটাল ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। চট্টগ্রামের মিরসরাইয়ে ইকোনমিক জোন হচ্ছে। যেটি শিল্পনগরে পরিণত হবে।
“ডিজিটাল যুগে চট্টগ্রাম পিছিয়ে থাকতে পারে না। সেই বিষয়টি মাথায় নিয়ে চট্টগ্রামে হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। কিন্তুপ্রথম দিকে কোথায় এই হাইটেক পার্ক হবে তা বুঝতে পারছিলাম না। সিটি মেয়র আ জ ম নাছির ম্যাজিকের মতো জায়গা দেখালেন। মেয়র দূরদর্শিতার সঙ্গে চট্টগ্রামের ভবিষ্যৎ দেখেছেন। কোনো প্রশ্ন, শর্ত ও বিধিবিধান ছাড়া একবাক্যে তিনি জায়গা দিয়ে দিলেন।”
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পক্ষে প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বন্দরনগরী চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। দুয়েক বছরের মধ্যে এই বন্দরনগরী প্রযুক্তি নগরে পরিণত হবে। এই আইটি পার্ককে শিক্ষিত তরুণ-তরুণীর জ্ঞানভিত্তিক কর্মসংস্থান হবে।
বিকালে আগ্রাবাদে সফটওয়্যার টেকনোলজি পার্কের নির্মাণ কাজ উদ্বোধন করেন মোস্তাফা জব্বার।
আগ্রাবাদ এলাকায় সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের ষষ্ঠ থেকে একাদশ তলায় পার্কটি হবে। এরজন্য ব্যয় হবে ৩০ কোটি টাকা।
সিটি করপোরেশন জানায়, এই প্রকল্পে অর্থ দেবে বিশ্ব ব্যাংক। এখানে আড়াই হাজার জনের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে।
