চবিতে অনিয়ম ছাড়াই অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা
কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের খবর ছাড়াই শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
সোমবার বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত বিভাগগুলো নিয়ে গঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্য সহকারী অধ্যাপক নিয়াজ মোরশেদ রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যেহেতু কোনো অনিয়মের খবর পাইনি, সেহেতু পরীক্ষা সুষ্ঠু হয়েছে বলে আমরা ধরে নিতে পারি।”
জীব বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান জানান, ‘এ’ ইউনিটে এক হাজার ৪৭৬ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৪৪ হাজার ৪৩১টি। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৩ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী।
এই ইউনিটের পরীক্ষায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের অংশগ্রহণের হার ছিল ৭৬ শতাংশ।
মঙ্গলবার সকাল ৯.৪৫টা থেকে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ‘সি’ ইউনিটে ৭৭২ আসনের বিপরীতে ১১ হাজার ৪৩৯টি আবেদন জমা পড়েছে।
আগামী বুধবার সকাল ৯.৪৫টা থেকে ‘বি১’ উপ-ইউনিটের পরীক্ষা হবে। ওই দিন বেলা আড়াইটা থেকে ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
