২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যা: পলাতক যুবককে গ্রেপ্তার

স্ত্রীকে হত্যা করে আত্মগোপনে থাকা এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2018, 07:20 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

নগরীর পুরাতন স্টেশন এলাকা থেকে শুক্রবার রাতে সুমন দে (৩৩) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

সুমন শনিবার মহানগর হাকিম শফিকুল ইসলামের আদালতে স্ত্রী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার সুমন ফিশারী ঘাটে শ্রমিকের কাজ করতেন। তার বাড়ি পটিয়া উপজেলার ভাটিখাইন গ্রামে।  

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ অগাস্ট নতুন ফিশারী ঘাটের চাক্তাই খালে ব্রিজের নিচ থেকে বস্তাভর্তি এক তরুণীর গলিত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা করে।

ওসি বলেন, বিভিন্ন স্থানে খোঁজখবর করে জানা যায়, নতুন ফিশারী ঘাট ভেড়া মার্কেটের ইছহাক হাজী কলোনির জোসনা আক্তার তার স্বামী সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Image
জোসনা আক্তার

জোসনা আক্তার

তরুণীর লাশের ছবি জোসনার নিকটাত্মীয়দের লাশের ছবি দেখানো হলেও তারা পুরোপুরি নিশ্চত হতে পারেনি বলে জানান ওসি।  

পুলিশ কর্মকর্তা প্রণব বলেন, “সুমনের সন্ধান না পাওয়ায় আমাদের সন্দেহ হয় এবং তদন্ত শুরু করি। তদন্তে আমরা জানতে পারি সুমন ভিন্ন ধর্মের হলেও প্রায় সাত বছর আগে ভালোবেসে জোসনাকে বিয়ে করেন। কিন্তু বছর খানেক আগে সুমন চুমকি দাশ নামের আরেক নারীকে বিয়ে করেন।”

“আদালতে দেওয়া জবানবন্দিতে সুমন জানিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী চুমকি বিয়ের পর দেহ ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন। পরে চুমকি জোসনাকেও এ পেশায় নিয়ে আসেন।

“দুই জনের মধ্যে মনোমালিন্য হওয়ায় বিষয়টি সুমন জেনে যায়। এ নিয়ে দুইজনের মধ্যে ঝামেলা হওয়ায় চুমকি এ পেশার জন্য জোসনাকে দায়ী করে। লাশ পাওয়ার কিছুদিন আগে দুই স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন জোসনাকে মারধর করে বলে জবানবন্দিতে জানান।

ওসি প্রণব বলেন, “কথাকাটাকাটির এক পর্যায়ে সুমন জোসনাকে কাঠ দিয়ে মাথায় আঘাত করলে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত করতে চুমকি জোসনার মুখে বালিশ চাপা দেয়। রাতে সুমন ও চুমকি মিলে জোসনার হাত-পা ভেঙ্গে বস্তায় ভরে লাশ চাক্তাই খালে ফেলে আসেন।”

ঘটনার পর সুমন চুমকিকে নিয়ে বিআরটিসি এলাকার জামতলা বস্তিতে বাসা ভাড়া করে থাকতে শুরু করেন। শুক্রবার রাতে পুরাতন স্টেশন এলাকা থেকে পুলিশ সুমনকে গ্রেপ্তার করলেও চুমকি পলাতক।

ধূর্ত প্রকৃতির সুমনের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা আছে বলে জানান ওসি।