২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় বিজিবি সদস্যের মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2018, 12:33 PM

Updated : 19 Aug 2022, 02:37 PM

বৃহস্পতিবার গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার ফুলতলা বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ফজলুল হক (৫৬) বিজিবি ৮ নম্বর ব্যাটালিয়নে নায়েক সুবেদার পদে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া ফাঁড়ির পরিদর্শক আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাড়া করা একটি কভার্ড ভ্যানে করে ওষুধ নিয়ে হালিশহরে বিজিবি ব্যাটেলিয়নে যাচ্ছিলেন ফজলুল হক।

পথে চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় ওই কভার্ড ভ্যান সামনে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে কভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ হারুণ পাশা জানান, কভার্ড ভ্যানের সামনে চালকের বাঁ পাশে বসা ছিলেন নায়েক সুবেদার ফজলুল। দুর্ঘটনায় তার শরীর সেখানে আটকে যায়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে পুলিশের মাধ্যমে বিজিবি কর্মকর্তাদের বুঝিয়ে দেয় বলে জানান আব্দুল্লাহ হারুণ পাশা।